খন্দকার দেলোয়ার জালালী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
পটুয়াখালী, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিদিনই জোয়ারে ভাসে গলাচিপার চর চালিতাবুনিয়া। ফাল্গুন থেকে কার্তিক এই নয় মাস লবণ পানি ঢোকার কারণে আমন ছাড়া কোনও ফসল হয় না। রবি ফসল ঘরে তুলতে না পারায় এখন কেউ আবাদও করে না। তাই বিচ্ছিন্ন চর চালিতাবুনিয়ায় খাদ্য সঙ্কট নিত্যদিনের। সিডরের পর সব কিছু ছাপিয়ে চরবাসীর একটিই দাবি- নির্মাণ করে দিতে হবে বেড়িবাঁধ। বিস্তারিত জানাচ্ছেন খন্দকার দেলোয়ার জালালী।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভাবে শুধু ফসলই নয়, চালিতাবুনিয়ার প্রায় ১৭ হাজার বাসিন্দারাও বছরের পর বছর ধরে অরক্ষিত অবস্থায় বাস করছেন। প্রবল জোয়ার আর জলোচ্ছ্বাসে ভেসে যায় চরের স্বস্তি।
চালিতাবুনিয়ার পশ্চিমে প্রমত্তা রামনাবাদ, পূর্বে দাঁড়চিড়া, দক্ষিণে বুড়াগৌরাঙ্গ ও উত্তরে আগুনমুখা নদী। চালিতাবুনিয়াকে পেটের মধ্যে রেখে এই তিনটি নদী সাগরে মিশেছে। ফলে খুব অল্পতেই থমকে যায় চালিতাবুনিয়ার জীবন প্রবাহ। সাগর একটু উতলে উঠলেই টালমাটাল হয়ে যায় এখানকার স্বাভাবিক জীবন।
চর চালিতাবুনিয়া গ্রামের আদি বংশ 'মুফতি' পরিবারের কৃষিজীবী মুফতি মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি বছর সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। প্রবল জোয়ার আর জলোচ্ছ্বাসে পানিবন্দি হয়ে পড়ে চরবাসী। এ সময় ঘর থেকে কেউ বের হতে পারে না। অতি প্রয়োজনেও হাটবাজারে যেতে পারে না কেউ। কেউ অসুস্থ্য হলে ওষুধ কিংবা ডাক্তারের জন্যও বের হওয়া কষ্টসাধ্য।
চালিতাবুনিয়ার কৃষক মেজবাহ উদ্দিন হাওলাদার বলেন, ১৫ নভেম্বরের প্রবল ঘূর্র্ণিঝড় সিডর এই চরের প্রায় ২০ জন মানুষের প্রাণ নিয়েছে। শত শত গবাদি পশুর প্রাণহানি আর হাজার হাজার গাছপালা উপড়ে সম্পদহীন করেছে এখানকার মানুষদের। বেড়িবাঁধ না থাকায় সে রাতে জলোচ্ছ্বাস বিনা বাধায় আঘাত হানে চালিতাবুনিয়ায়। ফলে চরের প্রায় আশি শতাংশ ঘর-বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়।
তিনি জানান, তাদের জীবনে ত্রাণের চেয়ে বেড়িবাঁধ বেশি জরুরি।
মেজবাহ কামাল বলেন, সিডরের আঘাতের পর এক সপ্তাহের মাথায় সেনা প্রধান মইন উ আহমেদ এই ইউনিয়নের চরলতা গ্রামে ত্রাণ দিতে এসেছিলেন। সেনা প্রধানের সামনে সেদিন হাজার হাজার মানুষ বেড়িবাঁধ নির্মাণের আবেদন জানিয়েছিল। সেনা প্রধান সেদিন সরকারকে বিষয়টি জানাবেন বলে দুর্গতদের আশ্বস্ত করেন।
কৃষক নারায়ণ চন্দ্র দাস বলেন, সাড়ে চার হাজার পরিবারের ১৭ হাজার মানুষের বেড়িবাঁধহীন চালিতাবুনিয়ায় মাত্র দুটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। ঝড়ো আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হলে এখানকার কিছু মানুষ ঠাসাঠাসি করে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে চেষ্টা করে। কিছু মানুষ ইউনিয়ন স্বাস্থ্য কমপে
bdnews24