২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শেষ হলো তিন দিনের রিহ্যাব মেলা

ফ্ল্যাট ক্রেতাদের ব্যাপক উৎসাহের মধ্যদিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শনিবার রাতে শেষ হয়েছে তিন দিনব্যাপী রিহ্যাব মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্ল্যাট ক্রেতাদের ব্যাপক উৎসাহের মধ্যদিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শনিবার রাতে শেষ হয়েছে তিন দিনব্যাপী রিহ্যাব মেলা। মেলার শেষদিন শনিবার সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর সংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর ভিড়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গন মুখরিত ছিল। এদের মধ্যে অনেকেই যেমন এসেছিলেন ফ্ল্যাটের খোঁজ খবর নিতে, তেমনি অনেকেই নগরীতে একটি বাসস্থানের জন্য প্লটের বুকিং দিতে আসেন। শনিবার রাতে চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো রিহ্যাব আবাসন মেলা শেষ হলেও রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মেলার সমাপনী অনুষ্ঠান। এতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল মবিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী। 'আসব দেখব কিনব'- এ স্লোগানে চট্টগ্রামে দ্বিতীয় রিহ্যাব মেলা শুরু হয় বৃহস্পতিবার। এতে ঢাকা ও চট্টগ্রামের ৪৩টি আবাসন প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ ছাড়সহ বেশ কিছু অফার দেয় ক্রেতাদের জন্য। প্রথম দিন থেকেই ক্রেতা ও দর্শকদের ভীড়ে জমজমাট হয়ে উঠে মেলার কার্যক্রম। মেলা কমিটির আহবায়ক কাজী আইনুল হক জানান, মেলার সময় বিক্রি মোটামুটি সন্তোষজনক। তবে মেলার সুফল পাওয়া যাবে আগামী কয়েকমাস পর। বেশিরভাগ ক্রেতাই মেলায় এসে যাচাই বাছাই করেছেন। পরবর্তী সময়ে তারা পছন্দমত প্লট ও ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বিক্রির পাশাপাশি চট্টগ্রামের ক্রেতাদের চাহিদা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল এ মেলার অন্যতম প্রধান উদ্দেশ্য। ক্রেতারা এবার বড় আকারের চেয়ে ছোট আকারের ফ্ল্যাটের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৪৩ ঘ.