নোয়াখালী, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী থেকে ঢাকা আসার সময় শনিবার মাইজদী কোর্ট ও হরিনারায়ণপুর স্টেশনের মাঝামাঝি স্থানে আন্ত:নগর ট্রেন উপকূলের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রেন থেকে নামতে গিয়ে ২০ যাত্রী সামান্য আহত হন। ট্রেনটিতে প্রায় দুই হাজার যাত্রী ছিল।
ট্রেনের চালক খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপকূল ৫১১ আপ ট্রেনটি দুপুর ২ টা ৪৫ মিনিটে মাইজদী কোর্ট ও হরিনারায়ণপুরের মাঝামাঝি স্থানে আসার পর ইঞ্জিন থেকে প্রচুর ধোঁয়া বের হতে শুরু করে। এ অবস্থায় ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে থামে। এ সময় ইঞ্জিনে আগুন ধরে যায়।
তিনি জানান, ইঞ্জিনে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন তারা। পরে মাইজদী কোর্ট দমকল বিভাগের গাড়ি এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যায়। তবে কেউ আহত বা মারা যায়নি বলে চালক খলিলুর রহমান জানান।
মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন জানান, উপকূল ট্রেনটি রাত পৌনে ৯টায় ঢাকায় পৌঁছার কথা ছিল। দুর্ঘটনার কারণে অধিকাংশ যাত্রী নেমে গেছে। লাকসাম থেকে আরেকটি একটি ইঞ্জিন আনার পর সন্ধ্যা ৫টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯১০ ঘ.
bdnews24