২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চাল স্থির থাকলেও তেল ও আটার দাম বেড়েছে

চালের দাম স্থির থাকলেও চট্টগ্রামের বাজারে আটা ও ভোজ্য তেলের দাম আরেক দফা বেড়েছে। শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ২ টাকা বেড়েছে। আর প্যাকেটজাত আটার দাম কেজিতে বেড়েছে এক টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দাম স্থির থাকলেও চট্টগ্রামের বাজারে আটা ও ভোজ্য তেলের দাম আরেক দফা বেড়েছে। শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ২ টাকা বেড়েছে। আর প্যাকেটজাত আটার দাম কেজিতে বেড়েছে এক টাকা। বাজার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের পরও খুচরা বাজারে চালের দাম না কমায় উদ্বেগ প্রকাশ করছে ক্রেতারা। নগরীর জামাল খান এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন আক্ষেপের সুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোলা বাজারে চাল বিক্রির সিদ্ধান্তের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে পর্যবেক্ষণ বাড়ানোর পরও দাম কমছে না। সয়াবিন তেল প্রতি লিটারে দাম দুই থেকে তিন টাকা বেড়ে ১০৩ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়। রেয়াজুদ্দিন বাজারে ১০১ টাকায় প্রতি লিটার সয়াবিন বিক্রি হলেও কাজীর দেউরী বাজারে তা বিক্রি হয় ১০৩ টাকায়। এছাড়া উভয় বাজারে খোলা সয়াবিন ৯৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের দামের চেয়ে দুই থেকে তিন টাকা বেশি। রেয়াজুদ্দিন বাজারের খুচরা বিক্রেতা মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে কোম্পানিগুলো দাম বেশি নিচ্ছে। এদিকে, ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানি হওয়ায় খুচরা বাজারে আতপ চালের দাম কেজিতে এক টাকা করে কমলেও সিদ্ধ চালের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় বেতি চাল (আতপ) প্রতি কেজিতে ১ টাকা কমে ৩০ টাকা, পারি ৩২ টাকা, বালাম সিদ্ধ ৩১ টাকা, মাঝারি মানের মিনিকেট ১ টাকা বেড়ে ৩৫ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া জিরাশাইল ৩৮ টাকা এবং নাজিরশাইল ৩৯ টাকায় বিক্রি হয়। প্যাকেটজাত আটার দাম কেজিতে এক টাকা করে বেড়ে ৪০ থেকে ৪১ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি প্যাকেটজাত ময়দা কোম্পানিভেদে বিক্রি হচ্ছে ৪১ থেকে ৪২ টাকায়। ভোগ্য পণ্যের বাজারে দাম বৃদ্ধি অব্যাহত থাকলেও শাক সবজির বাজারে দাম কমছে, সরবরাহও প্রচুর। এ সপ্তাহে পেয়াঁজের দাম আরও এক টাকা কমে বিক্রি হচ্ছে ১৩ টাকায়। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থান থেকে সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে বিক্রেতারা জানান। তবে বাজার ভেদে একই পণ্যের দামের পার্থক্য ছিল যথারীতি। নতুন আলু প্রতি কেজি ১৪ টাকা, টমেটো মানভেদে ১৪ থেকে ১৮ টাকা, বেগুন ১২ থেকে ১৬ টাকা, ফুলকপি ১২ থেকে ১৪ টাকা, বাঁধাকপি ৮ থেকে ১০ টাকা, মুলা ৫ টাকা, শালগম ১২ , শিম মানভেদে ১৪ থেকে ১৮ টাকা, করলা ২৮ টাকা, বরবটি ২৮ টাকা, পেঁপে ১০ টাকা দরে বিক্রি হচ্ছে চট্টগ্রামের বাজারগুলোতে। এছাড়া কাঁচামরিচ প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৫১৫ ঘ.