ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার অভিযোগে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন। ২২ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য মামলাটির তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মঞ্জুরুল আহমেদ গতবছরের ২৪ সেপ্টেম্বর এ মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, শেখ হেলাল তার ঘোষিত আয়ের বাইরে ৭ কোটি ৬০ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকার সম্পদের মালিক হয়েছেন। আর অবৈধভাবে এ সম্পদ অর্জনের ক্ষেত্রে রূপা তার স্বামীকে সহযোগিতা করেছেন।
গত ১৫ জানুয়ারি এ মামলায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
শেখ হেলাল বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24