ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে সাভার ডিইপিজেডের কর্মী এক শ্রমিক নেতাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া মঙ্গলবারের বিক্ষোভ-ভাঙচুরে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত কর্মীসহ ৪৫ জনকে বরখাস্ত করেছে কারখানা কর্তৃপক্ষ।
গ্রেপ্তার হওয়া শ্রমিক শাইন ফ্যাশনের কর্মী আব্বাস উদ্দিন বাংলাদেশ গার্মেন্টস শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মুখলেসুর রহমান জানান, মঙ্গলবার শাইন ফ্যাশনে শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের ঘটনায় বুধবার দায়ের করা মামলায় আশুলিয়া এলাকা থেকে আব্বাসকে গ্রেপ্তার করা হয়।
শাইন ফ্যাশনের সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম বুধবার ৪৫ জনকে আসামি করে আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন।
উপ পরিদর্শক মুখলেস জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান চলছে।
এদিকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোর নিয়ন্ত্রক সংস্থা বেপজার মহা ব্যবস্থাপক এস এম আব্দুর রশিদ জানান, শাইন ফ্যাশনের অভিযুক্ত ৪৫ শ্রমিককে বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার শ্রমিক অসন্তোষের মুখে পোশাক কারখানা শাইন ফ্যাশন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এসকে/০০০৫ঘ.
bdnews24