২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টাদের সম্পত্তির হিসাব চাইতে পারে না দুদক

স্বেচ্ছায় জমা না দিলে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পত্তির হিসাব চাইতে পারে না দুর্নীতি দমন কমিশন। স্বপ্রণোদিত হয়েই কেবল তারা নিজেদের সম্পত্তির হিসাব জমা দিতে পারেন। কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বৃহস্পতিবার কমিশনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বেচ্ছায় জমা না দিলে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পত্তির হিসাব চাইতে পারে না দুর্নীতি দমন কমিশন। স্বপ্রণোদিত হয়েই কেবল তারা নিজেদের সম্পত্তির হিসাব জমা দিতে পারেন। কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বৃহস্পতিবার কমিশনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান। "সরকারি আদেশের কারণে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের স্বেচ্ছায় সম্পত্তির হিসাব জমা দিতে হয়। কমিশন তাদের সম্পত্তির হিসাব চাইতে পারে না।" সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল হানিফ এ কথা বলেন। কমিশনের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের সর্বশেষ অবস্থা সম্পর্কে দুদক মহাপরিচালক জানান, তার বিরুদ্ধে অবৈধ সম্পত্তির অভিযোগের বিষয়ে এখনো অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দায়ের করার কোন সিদ্ধান্ত কমিশন নেয়নি। বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে কি না- এর জবাবে হানিফ ইকবাল বলেন, কমিশন এ ধরনের কোন সিদ্ধান্ত এখনো নেয়নি। তবে ভবিষ্যতে নেওয়া হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/২০১১ ঘ.