ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া।
ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. এপিএম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ওয়াজেদ মিয়া ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ডা. এপিএম সোহরাবুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ড. ওয়াজেদের শারীরিক অবস্থা এখন অনেক উন্নতির পথে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তার শ্বাসকষ্ট অগের তুলনায় এখন অনেক কমেছে।"
২/৩ দিন পরই ওয়াজেদ মিয়াকে ছেড়ে দেওয়া হবে বলে জানান ডা. সোহরাবুজ্জামান।
বুকে ব্যথা অনুভব করায় রোববার ওয়াজেদ মিয়াকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর ওইদিনই ওয়াজেদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেপ্টেম্বর মাসে আরও একবার অসুস্থ হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি। হার্ট ও কিডনি রোগ ছাড়াও ওয়াজেদ মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/জিএনএ/১২৩৬ ঘ.
bdnews24