ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় জরুরি আইন ভঙ্গের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্কের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
বুধবার ঢাকার মহানগর ও দ্রুতবিচার হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী এ দিন ধার্য করেন।
শাহবাগ থানার এ মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বাবুল ভূঁইয়াকে জেরা শেষে মামলায় অভিযুক্ত শিক্ষক অধ্যাপক সদরুল আমিনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "তদন্ত কর্মকর্তা ওই দিন কথিত আগুন জ্বালানো, ইট পাটকেল ছোঁড়ার বিষয়ে কোনো উপযুক্ত আলামত আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। ভাঙচুরের ঘটনার শিকার কোনো গাড়ির মালিক বা চালককেও সাক্ষী করেননি তিনি।"
"তাছাড়া জেরায় তিনি যেসব জবাব দিয়েছেন তা মামলার এজাহার ও অভিযোগপত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।"
এদিকে অপর অভিযুক্ত শিক্ষক অধ্যাপক হারুন অর রশিদের আইনজীবী শফিউল বশর ভান্ডারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার বাদি, জব্দ তালিকার সাক্ষি ও তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে যে সব সাক্ষ্য এসেছে তাতে মামলার অভিযোগ প্রমাণিত হয়নি।"
আগামী রবি অথবা সোমবার এ মামলার রায় ঘোষণা হতে পারে বলে শফিউল বশর জানান।
জেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, বর্তমান উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, অভিযুক্ত শিক্ষক ড. আনোয়ার হোসেনের ভাই কর্নেল আবু তাহেরের স্ত্রী লুৎফা তাহেরসহ অভিযুক্তদের স্ত্রী ও স্বজনরা আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ২০০৭ সালের ২১ ও ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সংঘর্ষের পর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/এমএ/১৭৫৪ঘ.
bdnews24