২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনার ভাঙনে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হুমকির মুখে

যমুনার ভাঙনে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। গত এক সপ্তাহে বাঁধের প্রায় ২০০ ফুট ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন ব্রহ্মপুত্র রাইট এমব্যাংকমেন্ট (বিআরই) ডিপার্টমেন্টের উপসহকারী প্রকৌশলী মো. আমজাদ হোসেন জানিয়েছেন, কনক্রিটের ব্লক নিক্ষেপ করার পরও যমুনার প্রবল স্রোতের কারণে ভাঙন ঠেকানো যাচ্ছে না। এ কারণে বাঁধের মূল অংশ নাজুক হয়ে পড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 08:16 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনার ভাঙনে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। গত এক সপ্তাহে বাঁধের প্রায় ২০০ ফুট ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন ব্রহ্মপুত্র রাইট এমব্যাংকমেন্ট (বিআরই) ডিপার্টমেন্টের উপসহকারী প্রকৌশলী মো. আমজাদ হোসেন জানিয়েছেন, কনক্রিটের ব্লক নিক্ষেপ করার পরও যমুনার প্রবল স্রোতের কারণে ভাঙন ঠেকানো যাচ্ছে না। এ কারণে বাঁধের মূল অংশ নাজুক হয়ে পড়তে পারে। আমজাদ হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঁধের মূল অংশের উত্তর পাশে পানির গভীরতা কমপক্ষে ১১০ ফুট। তাই এখানে এ মুহূর্তে ২০ হাজার ব্লক ফেলতে হবে। খুব শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অবস্থা আরও নাজুক হয়ে পড়তে পারে বলে তার আশঙ্কা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সামনের বর্ষায় সিরাজগঞ্জ শহর মারাত্মক হুমকির সম্মুখীন হবে। পাউবোর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম আজাদ, প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বাঁধ এলাকা পরিদর্শন করেছেন। আমিনুল ইসলাম বলেন, জরুরি ভিত্তিতে এখন আরও তিন হাজার ২০০ ব্লক ফেলার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ৯৫ লাখ টাকার একটি টেন্ডার আহ্বান করা হচ্ছে। আগামী বর্ষার আগেই এ কাজ শেষ করতে চায় পানি উন্নয়ন বোর্ড। আমিনুল ইসলাম বলেন, "নদীর সঙ্গে পাল্লা দেওয়া খুবই কঠিন কাজ। তাছাড়া ওপর থেকে দেখে আন্দাজও করা যায় না আসল অবস্থা কী। তবে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।" ১৯৯৫ থেকে ২০০১ সময়ের মধ্যে ৩৩১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২ দশমিক ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যরে এ বাঁধ রানীগ্রাম থেকে সিরাজগঞ্জ পৌরসভার মতিন সাহেবের ঘাট পর্যন্ত বিস্তৃত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১২১৪ ঘ.