গাজীপুর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন, ওভারটাইম ভাতাসহ নানা দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরে দুটি কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা আলাদা বিক্ষোভ করেছে। একটি কারখানায় ভাংচুরও চালায় তারা। শ্রমিকরা দুই দফায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিসেম্বরের বেতন এবং নভেম্বর ও ডিসেম্বরের ওভারটাইমভাতাসহ অন্যান্য বকেয়ার দাবিতে গাজীপুর সদরের মালেকের বাড়ি এলাকার জু য়ুন ফ্যাশনের শ্রমিকরা বিকেল ৫টার দিকে বিক্ষোভ শুরু করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা এক পর্যায়ে ওই ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার প্রতিটি ফ্লোরের টিউব লাইট, মেশিনপত্র ও অফিস কক্ষ ভাংচুর করে। ওই সময় শ্রমিক ও মালিকপক্ষের কর্মচারীদের মধ্যে সংঘর্ষও বাঁধে।
শ্রমিকরা অভিযোগ করেন, কর্মচারীরা লোহার স্কেল ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উজ্জল (২৫), মিলন (২৪) ও মায়াসহ (২২) কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়। তাদের চিকিৎসার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাড়ে ৫টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তবে পুলিশ গিয়ে সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে দেয় বলে ওসি মিজানুর রহমান জানান।
তিনি জানান, পরে শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে মহাসড়ক থেকে কারখানার ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের মধ্যস্থতায় মালিক ও শ্রমিক পক্ষের বৈঠক হয়। এক মাসের বেতন ও ওভারটাইম দেওয়ার সিদ্ধান্তে উভয় পক্ষের সমঝোতা হয়।
প্রতিষ্ঠানের মহাপরিচালক জুয়েল রানা জানান, কর্তৃপক্ষ ডিসেম্বরের বেতন দেওয়ার জন্য তৈরি ছিল। কিন্তু ওভারটাইম ছাড়া বেতন নিতে শ্রমিকরা অস্বীকার করায় গোলযোগের সূত্রপাত হয়।
এদিকে বর্ধিত বেতন ভাতা, চাকরির নিয়োগপত্র প্রদানসহ ২০ দফা দাবিতে বেলা ১২টা থেকে সদর উপজেলার হোতাপাড়া এলাকার সান পাওয়ার সিরামিক কারখানার শ্রমিকরা আন্দোলনে নামে। তিন শতাধিক শ্রমিক কাজ ফেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করে।
পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতরে পাঠায়। সেখানে শ্রমিকরা শান্তিপূর্ণ অবস্থান নেয়। রাত ৮টার দিকে দাবি-দাওয়ার ব্যাপারে কোনও আশ্বাস না পেয়ে উত্তেজিত হয়ে তারা মহাসড়ক অবরোধ করে।
হোতাপাড়া ফাঁসির ইনচার্জ উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছাড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২২২১ ঘ.
bdnews24