ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা ও বকেয়া পরিশোধসহ নানা দাবিতে বিক্ষোভকারী মিরপুর এলাকার পোশাক শিল্প শ্রমিকরা বুধবার থেকে রাজপথ ছেড়ে গার্মেন্টেসের ভেতরে কর্মবিরতির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
তবে পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে এবং সে অনুযায়ী বুধবার সকাল থেকে শ্রমিকরা আবার কাজ শুরু করবে।
এ পরিস্থিতিতে বুধবার সকালে কারখানা ভবনে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আবার সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মিরপুর এলাকার তৈরি পোশাক শিল্প কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ করে রাখে ওই এলাকার প্রধান সড়ক। এতে দৃশ্যত অবরুদ্ধ হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েকদফা সংঘর্ষ হয়।
সকালে শ্রমিক-পুলিশ সংঘর্ষ শুরু হওয়ার পর প্রথমে ১৪ নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত ও পরে মিরপুর ১০ নম্বর থেকে রোকেয়া সরণি পর্যন্ত সব রকম যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিডিআরের উপস্থিতিতে দুপুর ১টা থেকে সীমিতসংখ্যক গাড়ি চলাচল শুরু হয়।
দুপুরের পর রোকেয়া সরণির ব্যবসায়ীরাও রাস্তায় নেমে আসেন। তারা শ্রমিকদের রাস্তা থেকে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার দাবিতে মাইকে প্রচারণা চালান।
রোকেয়া সরণি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদ সরকার জানান, তারা শ্রমিকদের রাস্তা থেকে সরে গিয়ে 'গার্মেন্টসে ফিরে' আন্দোলন করার জন্য বলেছেন। এ ছাড়া সবাইকে দোকান-পাট খোলার জন্যও আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে এমবিএম পোশাক শিল্প কারখানার আন্দোলনরত শ্রমিকরা টানা দিনের মতো মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে কচুক্ষেত পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এ সময় পুলিশ তাদের অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানায়। সে আহ্বানে শ্রমিকরা সাড়া না দেওয়ায় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেলও ছোঁড়ে।
বেলা ১১টার দিকে রোকেয়া সরণির শ্যাওড়াপাড়ার গার্মেন্টস শ্রমিকরাও সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ওই এলাকার বেশিরভাগ গার্মেন্টস শ্রমিকই এতে অংশ নেয়। পুলিশ এখানেও বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। শ্রমিকরা এ সময় রোকেয়া সরণিতে টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে রাখলে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের সঙ্গে সমঝোতা হয়ে গেছে। তারা আগামীকাল (বুধবার) সকাল আটটা থেকে আবার কাজ শুরু করবে। তাদের চার দফা দাবি এর আগেই মেনে নেওয়া হয়েছে। আগামীকাল সকালে কারখানা মালিক, বিজিএমইএ প্রতিনিধি, শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধিরা আলোচনায় বসে বাদবাকি বিষয়গুলোও নিস্পত্তি করবেন।"
তবে এমবিএম গার্মেন্টসের শ্রমিক নেতা এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমাদের মূল দাবি-দাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত পরিস্কার কোন ঘোষণা দেওয়া হয়নি। আমরা আগামীকাল সকালে কারখানায় আসবো ঠিকই। কিন্তু দাবি আদায়ের জন্য রাস্তায় না নেমে এখন থেকে কারখানার ভেতরেই কর্মবিরতি পালনের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবো বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এর আগে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই এলাকার কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছে। তবে কয়েকটি গার্মেন্টসের শ্রমিক এতে অংশ নেয়নি। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিআরের উপস্থিতিতে দুপুর ১টা থেকে সীমিতসংখ্যক গাড়ি চলাচল শুরু হয়। তবে আন্দোলনরত শ্রমিকরা এমবিএম গার্মেন্টসের সামনের সড়কে অবস্থান নিয়ে গ্রেপ্তারকৃত শ্রমিক নেতা শওকতের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। এ সময় কচুক্ষেত থেকে ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কে গাড়ি চলাচল প্রায় বন্ধ থাকে। সোমবার গভীর রাতে র্যাব সদস্যরা শ্রমিক নেতা শওকতকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার বিকেল চারটার দিকে শওকত র্যাব হেফাজত থেকে ছাড়া পেয়ে আন্দোলনরত শ্রমিকদের সামনে হাজির হয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায়। তার অনুরোধে সাড়া দিয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে একে একে সেখান থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে নতুন করে সহিংসতা এড়াতে এমবিএম গার্মেন্টসের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
গত প্রায় দু'সপ্তাহে বৃহত্তর মিরপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বর্ধিত বেতন-ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে কয়েকবার রাজপথে নেমেছে। শ্যাওড়াপাড়ার এসকিউ গার্মেন্টসের শ্রমিকরা গত ২ জানুয়ারি সর্বপ্রথম আন্দোলন শুরু করে।
সোমবার দুপুর ২টার দিকে এম বি এম ও ওপেক্স গার্মেন্টসসহ ২০টির মতো পোশাক কারখানার শত-শত শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। এদিন রাত ১০টা পর্যন্ত পুলিশ-শ্রমিক সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ কমপক্ষে ৭০ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /একেএম/এলএইচএএল/এএনএস/এসকে/২০৪৩ঘ.
bdnews24