২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন ইউপি সদস্য

মাদকাসক্ত ছেলে সাব্বির শেখকে পুলিশে দিয়েছেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান শেখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

বাগেরহাট, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকাসক্ত ছেলে সাব্বির শেখকে পুলিশে দিয়েছেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান শেখ। সোমবার রাতে মান্নান শেখ ছেলেকে মোড়েলগঞ্জ থানায় সোপর্দ করেন। ছেলের বিরুদ্ধে একটি মামলাও করেন তিনি। মঙ্গলবার সাব্বিরকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছেলে সাব্বির গত এক বছর ধরে গাঁজা সেবন করে আসছে। নেশার টাকা জোগাড় করতে না পারলে সে উত্তেজিত হয়ে পড়ে। টাকা চেয়ে না পেলে পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। তাই তাকে সুপথে ফেরাতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আব্দুল মান্নান নিজে বাদি হয়ে ছেলে সাব্বিরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০৩৭ ঘ.