২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ায় ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 10:56 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ায় ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছে। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালকসহ নিহত হন তিনজন। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোররাতে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হন এবং চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মারা গেছেন আরো একজন। পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে একটির চালক শহীদুল ইসলাম (৩৫), সুরমা (২) ও অজ্ঞাত এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় দুটি বাসের কমপক্ষে অর্ধশত যাত্রী আহত হন। তাদের কলাপাড়া ও আমতলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক জানান, খন্দকার পরিবহনের বাসটি পটুয়াখালী থেকে কলাপাড়া এবং পর্যটক পরিবহন কলাপাড়া থেকে পটুয়াখালী যাচ্ছিল। দুর্ঘটনায় বাস দুটি দুমড়ে মুচড়ে যায়। খন্দকার পরিবহনের মালিক খন্দকার ইমাম হোসেন নাসির নিহত শহীদকে তার বাসের চালক বলে নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সরাইল উপজেলার গোগদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার ভোররাতে বাস ও ট্রাকের সংঘর্ষে দু'জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৭ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখলাক হোসেন জানান, ভোররাতে সিলেট থেকে ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস গোগদ এলাকা অতিক্রমের সময় বিকল একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুনামগঞ্জের ধিরাইয়ের আছিয়া বেগম ও একই জেলার মুক্তাকাই গ্রামের শহিদুল ইসলামের মৃত্যু হয়। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। গুরুতর আহত সুনামগঞ্জের আজিজুর রহমান, স্বাধীন, মইনুল, আবদুল করিম, রিপন, আবদু মিয়া, রফিক, আবিদ, হাবিব, উজ্জ্বল, মাগুরার রুহুল অমীন, সিরাজগঞ্জের মমিন, রাজবাড়ির নাসির, সিলেটের কামাল মিয়া, মুক্তাগাছার আজাহার, হবিগঞ্জের আফরুজ আলী ও সাদিরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামে সোমবার রাতে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তার বাড়ি পৌর এলাকার নমোশঙ্কর বটি মহল্লায়। সদর থানার সহকারি উপ পরিদর্শক আতাউর রহমান জানান, রাত ৯টার দিকে কামরুল মোটর সাইকেলে করে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৬৪৫ ঘ.