পটুয়াখালী, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী সাফিয়া বেগমকে হত্যার অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের আশরাফ আলী মৃধাকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
মির্জাগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক জানান, শনিবার সকালে দাম্পত্য কলহের এক পর্যায়ে আশরাফ আলী তার স্ত্রী সাফিয়াকে রড দিয়ে বেদম পেটায়। এতে সাফিয়া ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পরপরই প্রতিবেশীরা আশরাফকে আটক করে থানায় খবর দেয় বলে মো. ফারুক জানান। তখন পুলিশ গিয়ে আশরাফকে গ্রেপ্তার করে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আশরাফ ও সাফিয়ার ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলে স্থানীয়রা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৫ ঘ.
bdnews24