বরগুনা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা (কোস্টগার্ড) শুক্রবার রাতে অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের লালদিয়ার চরে ভারতীয় কাপড় ভর্তি একটি ট্রলার আটক করেছে।
কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা কামাল জানান, শুক্রবার সন্ধ্যায় এফবি শাহে মদিনা নামে চোরাকারবারীদের একটি ট্রলার ধাওয়া করা হয়। প্রায় ১২ কিমি যাওয়ার পর লালদিয়ার চরে ট্রলারটি আটকে গেলে চোরাকারবারীরা কূলে উঠে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা ভারতীয় কাপড় ভর্তি ওই ট্রলারটি পাথরঘাটায় নিয়ে আসেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম খান জানান, ভারতীয় কাপড় ভর্তি ট্রলারটি বরিশাল কাস্টমস হাউজে পাঠিয়ে দেওয়া হয়েছে। বরিশালের কাস্টমস উদ্ধারকৃত মালামাল খালাস করার পর প্রকৃত দাম নির্ধারণ করা যাবে।
স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধারকৃত কাপড়ের দাম পাঁচ কোটি টাকা বললেও প্রকৃত মুল্য আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৪ ঘ.
bdnews24