২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র ছাত্র-শিক্ষকদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

ছাত্র-শিক্ষকদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিদ্রোহ আর মৃত্যুর প্রতীক লাল-সাদা কাপড় মাথায় বেঁধে বৃহস্পতিবার মানববন্ধন পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আগামী শনিবারের মধ্যে বন্দিদের মুক্তি না দিলে ক্লাশ ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন মানববন্ধনের আয়োজক শিক্ষার্থীরা।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 07:32 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র-শিক্ষকদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিদ্রোহ আর মৃত্যুর প্রতীক লাল-সাদা কাপড় মাথায় বেঁধে বৃহস্পতিবার মানববন্ধন পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আগামী শনিবারের মধ্যে বন্দিদের মুক্তি না দিলে ক্লাশ ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন মানববন্ধনের আয়োজক শিক্ষার্থীরা। 'নির্যাতনবিরোধী ছাত্রছাত্রীবৃন্দ' এবং 'ছাত্রবন্ধু' নামে একটি নতুন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মানব বন্ধন অপরাজেয় বাংলা থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত দীর্ঘ হয়। তবে এতে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নন এমন সাধারণ ছাত্রছাত্রীই ছিলেন বেশি। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খোলার পর থেকেই এ দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা আবার আন্দোলন শুরু করেন। সেসময় তারা বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে সতর্ক করে দেন। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে এসে জমায়েত হতে শুরু করে। এ সময় তারা নানা দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। সেগুলোতে লেখা ছিল বন্দিদের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবির কথা। বৃহস্পতিবারের এ কর্মসূচিকে আন্দোলনকারীরা সরকারের প্রতি 'রেড অ্যালার্ট' বলে ঘোষণা দেয়। বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত সোয়া এক ঘণ্টার এই মানববন্ধন কর্মসূচিতে দুই শ'র বেশি শিক্ষার্থী অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসকে/১৩২১ঘ.