গাজীপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি নীতিমালার চিঠি বুঝে উঠতে না পারায় টঙ্গী পৌরসভায় খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু করতে পারেনি খাদ্য বিভাগের কর্মকর্তারা। এ কারণে বুধবার সারাদেশে ওএমএস এর চাল বিক্রি শুরু হলেও টঙ্গীতে হয়নি।
কর্মকর্তারা বলছেন, আগামী শনিবারের আগে টঙ্গীতে চাল বিক্রি শুরু করা যাবে না।
গাজীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি নীতিমালার চিঠি বুঝে উঠতে সময় লেগেছে বলে টঙ্গীতে সময়মতো ডিলার নিয়োগ করা যায়নি। এখানে মঙ্গলবার একজন এবং আজ (বুধবার) দুজন ডিলার নিয়োগ করা হয়েছে। যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা শনিবারের আগে চাল বিক্রি শুরু করতে পারবে না।"
এ ব্যাপারে গাজীপুরের ডিসি (খাদ্য) নূর ইসলাম বলেন, "সরকারি নীতিমালায় প্রতিটি উপজেলায় দুজন, পৌরসভায় দুজন, জেলা সদরে দুজন করে ডিলার নিয়োগের কথা বলা আছে। টঙ্গী পৌরসভা গাজীপুর সদরের অন্তর্ভুক্ত হওয়ায় এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়েছে।"
তিনি আরো বলেন, "গুরুত্ব ও জনসংখ্যা বিবেচনা করে টঙ্গীতে তিনজন ডিলার নিয়োগ করা হয়েছে। তারা আগামী শনিবার থেকে খোলাবাজারে চাল বিক্রি করতে পারবে বলে আশা করছি আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/
bdnews24