খুলনা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা অন্তরীণ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানকে গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে ঢাকায় পাঠানো হয়েছে। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
মেয়র তৈয়েবুর বুকে ও হাঁটুতে ব্যথা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছেন। তাকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হবে বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।
খুলনা জেল সুপার সোলায়মান আলী জানান, মঙ্গলবার সকালে মেয়র তৈয়েবুর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে পুলিশ প্রহরায় ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনা জেলা কারাগার ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা গেছে, বেলা ১১ টায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. আবু বক্কারকে প্রধান করে সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। দুপুরে মেয়র আরও অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে রাত সাতটায় অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ তৈয়েবুর রহমানকে গত বছরের ২ নভেম্বর ঢাকার গুলশানের বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। পরদিন খুলনার গগন রোডে মেয়রের বাসায় তল্লাশি চালিয়ে চার বোতল মদ ও একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়।
অস্ত্র, মাদক ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে ১১টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24