২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী ও ফরিদপুরে তিনজনের লাশ উদ্ধার

নীলফামারীর জলঢাকা উপজেলার তিস্তানদীর চর থেকে পুলিশ সাইয়াকুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের একজন সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলার তিস্তানদীর চর থেকে পুলিশ সাইয়াকুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের একজন সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার থেকে উদ্ধার করা হয়েছে রমজান মল্লিক (১৬) ও রাসেল মন্ডল (১৬) নামের দুই কিশোরের লাশ। আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, উপজেলার গোলমুণ্ডা এলাকার হলদিবাড়ী এলাকার সোলেমান আলীর ছেলে সাইয়াকুল ইসলামকে (২৫) হত্যা করে লাশ চরে ফেলে রাখা হয় বলে জানিয়েছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই শাহ। তিনি স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইয়াকুল ইসলামের সঙ্গে হলদিবাড়ী মাঝাপাড়ার জামিয়ার রহমানের মেয়ে নিলুফা বেগমের প্রেমের সম্পর্ক ছিল এবং চার বছর আগে তারা বিয়ে করেন। এর পর থেকে সাইয়াকুল ইসলামের সঙ্গে জামিয়ার রহমানের বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাকে সোমবার রাতে নেকবক্ত চরে নিয়ে হত্যা করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, মঙ্গলবার তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাইয়াদুল ইসলামের শ্বাশুড়ি জরিনা বেগম (৪৫), স্ত্রী নিলুফা বেগম (২৫) ও চাচা শ্বশুর ডাউয়াবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মুসা ওরফে লাল খানকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে রমজান ও রাসেলের লাশ উদ্ধারকরা হয়। রমজান শহরের হাবেলি গোপালপুর এলাকার রফিক মল্লিকের এবং রাসেল চর কমলাপুরের শহীদ মন্ডলের ছেলে। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, মৃত কিশোরদের লাশের পাশে বিষের শিশি পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকরা লাশের পাকস্থলীতে বিষের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, লাশের পাশে পাওয়া শিশ দেখতে অনেকটা টাইগার ব্রান্ডের কোমল পানীয়ের শিশির মতো। তাই ধারণা করা হচ্ছে, নেশা করতে গিয়ে ভুলক্রমে বিষ পানের ঘটনা ঘটতে পারে। রমজানের মা রহিমা বেগম জানান, রমজান সোমবার সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৮ ঘ.