ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদকে পাঠানো নির্বাচন কমিশনের চিঠির বৈধতা নিয়ে রিট আবেদনের চূড়ান্ত শুনানি হবে ১১ জানুয়ারি।
বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আওয়ালের হাইকোর্ট বেঞ্চ সোমবার হাফিজের পক্ষের কৌসুলি ড.শাহদীন মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এ দিন ধার্য করেন।
গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী আইন বিষয়ক সংলাপের ব্যাপারে হাফিজউদ্দিন আহমেদকে পাঠানো ইসির চিঠির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।
আদালত ওই দিন রিটের ওপর শুনানি গ্রহণ করে এ চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে। এছাড়া, চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়।
সংলাপে অংশ নেওয়ার জন্য গত ৫ নভেম্বর নির্বাচন কমিশন মেজর হাফিজকে চিঠি দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৯৩৩ঘ.
bdnews24