২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্র"টিপূর্ণ বলে রেহানার রিট নেয়নি হাইকোর্ট

শেখ রেহানাকে পলাতক দেখিয়ে তার বিচার শুরুর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি ত্র"টিপূর্ণ হওয়ায় তা আমলে নেয়নি হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ রেহানাকে পলাতক দেখিয়ে তার বিচার শুরুর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি ত্র"টিপূর্ণ হওয়ায় তা আমলে নেয়নি হাইকোর্ট। ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা এই চাঁদাবাজির মামলায় অভিযোগ গঠনের শুনানি গত ৩১ ডিসেম্বর শুরু হয়। আর শেখ রেহানাকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার শুরুর বিরোধিতা করে গত বুধবার একটি রিট আবেদন করেন তার আইনজীবীরা। সোমবার রিটের ওপর শুনানি শেষে বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল আওয়ালের বেঞ্চ আবেদনটি আমলে না নিয়ে নতুন করে উপস্থাপন করতে বলে। শুনানিতে শেখ রেহানার আইনজীবী আজমালুল হোসেন কিউসি বলেন, "রেহানা বঙ্গবন্ধুর কন্যা। দীর্ঘ দিন ধরে তিনি বিদেশে রয়েছেন। বিদেশে তার নিজের বাড়ি আছে। তার ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করে। তিনি পলাতক নন।" ব্যারিস্টার রফিক উল হক বলেন, "মামলার এজাহারেই বলা হয়েছে শেখ রেহানা যুক্তরাজ্যে থাকেন। কাজেই তার বিরুদ্ধে পরোয়ানা পাঠাতে হলে ওই দেশের দূতাবাসের মাধ্যমেই পাঠাতে হবে। কিন্তু তা করা হয়নি।" অন্যদিকে আদালতের পক্ষ থেকে বলা হয়, রিট আবেদনে এসব কথা বলা হয়নি। তাই আবেদনটি ক্রটিপূর্ণ। আদালত আরো বলেন, প্রত্যেক আসামিকে আদালতে উপস্থিত হতে হবে, এটাই নিয়ম। অভিযুক্ত ব্যক্তি আদালতে উপস্থিত না হলে তাকে পলাতক দেখানো যাবে না এমন দৃষ্টান্ত নেই। আজমালুল হোসেন কিউসি ক্রটি সংশোধন করে নতুন করে আবেদন করতে চাইলে আদালত পুনরায় রিট করতে বলে। প্রায় ৩ কোটি টাকা চাঁদা নেয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা দায়ের করেন। গত ২৪ জুলাই এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এতে হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়। ৩১ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হলেও শেখ হাসিনা অসুস্থ থাকায় শুনানি এখনো শেষ হয়নি। মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ধার্য রয়েছে। শেখ হাসিনা ও শেখ সেলিম বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসএনডি/এমআই/১৫১৮ ঘ.