২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষাৎকার অতীতে পিএসসির কতিপয় সদস্য প্রশ্ন ফাঁসে জড়িত ছিলেন: সা'দত হুসাইন

অতীতে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো কোনো সদস্য জড়িত ছিল। আর এ প্রক্রিয়া চলেছে প্রায় ১৪ বছর ধরে। ফলে সরকারি চাকরির ক্ষেত্রে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন। এ কথা বলেছেন পিএসসির চেয়ারম্যান ড. সা'দত হুসাইন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, পিএসসির বর্তমানের চিত্র অতীতের চেয়ে একেবারে ভিন্ন। এখন আর প্রশ্ন ফাঁস হয় না। প্রশ্ন পত্র তৈরি, পরীক্ষা নেওয়া, খাতা দেখাসহ বিভিন্ন ক্ষেত্রে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীতে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো কোনো সদস্য জড়িত ছিল। আর এ প্রক্রিয়া চলেছে প্রায় ১৪ বছর ধরে। ফলে সরকারি চাকরির ক্ষেত্রে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন। এ কথা বলেছেন পিএসসির চেয়ারম্যান ড. সা'দত হুসাইন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, পিএসসির বর্তমানের চিত্র অতীতের চেয়ে একেবারে ভিন্ন। এখন আর প্রশ্ন ফাঁস হয় না। প্রশ্ন পত্র তৈরি, পরীক্ষা নেওয়া, খাতা দেখাসহ বিভিন্ন ক্ষেত্রে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। ড. সা'দত হুসাইন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতীতে বিসিএসসহ চাকরি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কমিশনের কোনও কোনও সদস্য জড়িত ছিলেন। তাদের হাত দিয়ে প্রশ্ন ফাঁস হয়েছে। তবে তাদের সঙ্গে বর্তমান কমিশনের কোনও সম্পর্ক নেই। " ১৯৯৩ সালের পর থেকে যারা কমিশনে এসেছেন তাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন ফাঁসে যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, "১৩/১৪ বছর ধরে এ কাজ হচ্ছে। আগে হতো না।" বিসিএসসহ পিএসসির অধীনের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ গত এক যুগেরও বেশি সময় ধরে ছিল নিয়মিত ঘটনা। বড় অংকের অর্থের বিনিময়ে বিসিএস পরীক্ষার প্রশ্ন প্রায় প্রকাশ্যেই বিক্রি হয়েছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর অন্য প্রতিষ্ঠানগুলোর মতো পিএসসি পুনর্গঠনেরও জোর দাবি ওঠে। এরই মধ্যে পিএসসি চেয়ারম্যান জিন্নাতুন নেসা তাহমিদা বেগমের মেয়াদ শেষ হয়ে গেলে সরকার গত বছরের ৯ মে নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব সা'দত হুসাইনকে নিয়োগ দেয়। এরপর পর্যায়ক্রমে কমিশনের আট জন সদস্যকে নিয়োগ দেওয়ার মাধ্যমে পিএসসির পুনর্গঠনের প্রক্রিয়া চলে। পিএসির বর্তমান সদস্যদের বিষয়ে সা'দত হুসাইন বলেন, "নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট সুনাম রয়েছে, এমন আট জনকে কমিশনের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আগের সদস্যদের চেয়ে বর্তমান সদস্যরা মানের দিক থেকে ভিন্ন। আমাদের সঙ্গে আগের কারো কোনও সম্পর্ক নেই। আমরা ১৫/২০টির মতো পরীক্ষা নিয়েছি। কোনও পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়নি। ভবিষ্যতেও হবে না।" ড. হুসাইন জানান, তারা দায়িত্ব নেওয়ার পর বিসিএসসহ পিএসসির সব পরীক্ষার আবেদনপত্র সহজ করা হয়েছে। প্রশ্ন পত্র তৈরি, পরীক্ষা গ্রহণ, খাতা দেখাসহ সব পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। পিএসসির ভেতরেও অনেক পরিবর্তন হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগই পিএসসিকে বিতর্কিত করে এবং সেখানে প্রশ্ন ফাঁসের ক্ষেত্র তৈরি করে দিয়েছিলো বলে সা'দত হুসাইন মনে করেন। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে সদস্য হিসেবে আসতেন; তারা লাল, নীল, সাদা বিভিন্ন দলে বিভক্ত। সরকার সমর্থিত দলের শিক্ষকদের অনেকে এখানে সদস্য হয়ে এসেছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে এক ধরনের দায়বদ্ধ থেকেছেন। এছাড়া শিক্ষক নেতা, ক্ষমতাসীন দলের নেতা, এমনকি ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা দেখা গেছে। আর এ চারটি লিংকের সঙ্গে ঘনিষ্ঠ থেকে পিএসসির সদস্য পদে নিরপেক্ষ থাকা কষ্টকর। এ ধরনের শিক্ষকদের কাছ থেকেই ছাত্ররা প্রশ্নের খোঁজ পেয়ে যেত।" প্রশ্ন পত্র ফাঁস এড়াতে বর্তমানে বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে পিএসসি চেয়ারম্যান জানান, এখন আবেদনপত্র চারটি ধাপে বাছাই করা হচ্ছে। সহযোগী অধ্যাপক থেকে শুরু করে ওপরের ধাপের শিক্ষক বা সমপর্যায়ের কর্মকর্তাদের দিয়ে প্রশ্ন পত্র তৈরি এবং খাতা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন ধরনের ফাইলের জন্য পিএসসির ভেতর ইউনিট করে দেয়া হয়েছে। সা'দত হুসাইন বলেন, "বর্তমানে ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষা চলছে। ৮ হাজার জনের পরীক্ষা নেওয়া হয়েছে। আরো প্রায় ৮ হাজার জনের বাকি আছে।" মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য সাবেক রাষ্ট্রদূত, সাবেক সচিব, সংবাদপত্র সম্পাদক, কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, বেসরকারি ব্যাংকের মহাব্যবস্থাপকসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে আসা হচ্ছে বলে পিএসসি চেয়ারম্যান জানান। তিনি বলেন, "এরা পরীক্ষা নেওয়ার জন্য পিএসসিতে আসার পর কেউ বাইরে যোগাযোগ করতে পারেন না। জরুরি কোনও ফোন এলেও পিএসসির নির্দিষ্ট কর্মকর্তা সে ফোন রিসিভ করেন। এরপর তাকে খবর দেওয়া হয়। আগে থেকে কেউ জানেনও না কবে তিনি মৌখিক পরীক্ষা নিতে আসবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমআই/এমএ/১৯১৭ঘ.