ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে গতিশীল ও শক্তিশালী করতে এসব প্রতিষ্ঠানকে আর্থিকভাবে শক্তিশালী করে প্রতিনিধিদের সম্মানী ও ক্ষমতা বৃদ্ধির দাবি জানালেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।
শনিবার রাজধানীতে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মেলনে তারা এসব দাবি ও পরামর্শ তুলে ধরেন।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে দুর্নীতিবিরোধী অভিযান, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্মানী বৃদ্ধির আশ্বাস দেন।
রাজধানীর শেরে-বাংলা নগরের জাতীয় প্যারেড স্কোয়ারে সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে গতিশীল ও শক্তিশালী করতে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের মতামত নিতে এ সম্মেলনের আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ।
দেশের ছয়টি সিটি করপোরেশন, ৩০৯টি পৌরসভা ও প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের প্রায় ১২ হাজার প্রতিনিধি এতে যোগ দেন।
সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। উদ্বেধনী অনুষ্ঠানের পর স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে শুরু হয় কর্ম-অধিবেশন।
অধিবেশনের শুরুতেই স্থানীয় সরকারের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বিভিন্ন সুপারিশ ও প্রস্তাব তুলে ধরেন।
গাইবান্ধার সাহাপাড়ার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটিকে সক্রিয় করার জন্য বরাদ্দ করা অর্থের পরিমাণ বৃদ্ধির দাবি জানান।
ইউপি চেয়ারম্যান সমিতির মহাসচিব নরসিংদীর শিবগঞ্জের আব্দুল হারিছ রিকাবদার বলেন, ইউনিয়ন পরিষদগুলোকে গ্রামীণ উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজের বিনিময়ে খাদ্য , কাজের বিনিময়ে টাকা, টেস্ট রিলিফ ও দরিদ্র সহায়তা ত্রাণ প্রকল্পের বরাদ্দ সরাসরি ইউনিয়ন পরিষদের হাতে দেয়া প্রয়োজন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষকদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ চেয়ে তিনি বলেন, "শিক্ষকরাই এলাকার সমাজকর্মী হিসেবে কাজ করেন। তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিলে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করা ভোটারদের জন্য সহজ হবে।"
মামলায় দণ্ডিত হওয়ার আগে শুধুমাত্র অভিযোগ বা মামলার ভিত্তিতে কোনো চেয়ারম্যানকে অপসারণ না করারও দাবি জানান তিনি।
সমিতির সভাপতি মীর এনায়েত হোসেন মিন্টু বলেন, ২৫ বছর চেয়ারম্যান পদে থাকার কারণে তাকে অনেক কমিটিতে থাকতে হয়েছে। কিন্তু তার অভিজ্ঞতা অনুযায়ী, স্থানীয় সরকারকে গতিশীল করতে গঠিত কোনো কমিটির প্রতিবেদনই কার্যকর হয়নি। এজন্য তিনি এবারের প্রতিবেদন কার্যকর করতে এ সরকারকেই ইতিবাচক পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।
মীর এনায়েত হোসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাসিক সম্মানী ভাতার সরকারি অংশের পরিমাণ যথাক্রমে পাঁচ হাজার ও তিন হাজার টাকা নির্ধারণের জন্য সরকারের কাছে দাবি জানান।
পৌরসভা সমিতির মহাসচিব নাটোরের সিংড়ার পৌর চেয়ারম্যান শামীম আল রাজী জাতীয় বাজেটের ৫০ শতাংশ স্থানীয় সরকার বিভাগের জন্য বরাদ্দ এবং সে অর্থের ২০ শতাংশ পৌরসভার জন্য বরাদ্দের দাবি জানান। এছাড়া পৌর এলাকার অব্যবহৃত জলাশয় ও সরকারি জমি পৌরসভার কাছে হস্তান্তরের প্রস্তাব করেন তিনি।
টঙ্গীর পৌর চেয়ারম্যান আজমত উল্লাহ খান বলেন, তহবিল, ক্ষমতা ও স্বাধীনতা পেলে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের বন্ধু হিসেবে কাজ করতে পারবে।
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্যানেল চেয়ারম্যান আসমা আফরীন বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আয়ের উৎস বৃদ্ধি এবং ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে।
এরপর বক্তব্য রাখেন ঢাকার বিভাগীয় কমিশনার ইকরাম আহমেদ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি ড. মনোজ বসনিয়াত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহম্মেদ, রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী ও সেনাবাহিনীর প্রধান জেনারেল মইন উ আহমেদ।
পরে হাসান মশহুদ চৌধুরী ও মইন উ আহমেদ জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ইকরাম আহমেদ ইউপি কমপ্লেক্স ভবনগুলোতে তফসিলি ব্যাংকের শাখা প্রতিষ্ঠার পরামর্শ দেন। এছাড়া রাজস্ব আদায়ে জনপ্রতিনিধিদের আরো তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
মনোজ বসনিয়াত বলেন, দেশের ৭০ ভাগ মানুষই গ্রামে বাস করে। তাই উপজেলা পরিষদগুলোর ক্ষমতা বাড়ালে জনগণই এর সুফল পাবে।
সালেহ উদ্দিন আহম্মেদ স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে একটি কমিশন গঠনের সুপারিশ করেন।
আকবর আলী খান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি। অথচ অতীতের সরকারগুলো এসব প্রতিষ্ঠানকে আজ্ঞাবাহী প্রতিষ্ঠানে পরিণত করেছিল। স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার হলে রাজনৈতিক সংস্কারের অনেকটাই করা হয়ে যাবে।
কর্ম-অধিবেশনের সভাপতি স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, এ সম্মেলনে যেসব প্রস্তাব ও সুপারিশ এসেছে সরকার তা বিবেচনা করে দেখবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাসিক সম্মানী ভাতার সরকারি অংশের পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ৩০০০ হাজার ও ১৫০০ টাকা করার জন্যও সরকারের কাছে প্রস্তাব রাখা হবে বলে জানান তিনি।
বর্তমানে চেয়ারম্যান ও সদস্যদের ভাতার সরকারি অংশের পরিমাণ যথাক্রমে ৭০০ ও ৫০০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/২১৫০ঘ.
bdnews24