ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে 'গুলিবিনিময়ে' হান্নান ওরফে হান্না (২৮) নামে এক কথিত সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত হান্না মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী বলে পুলিশ ও র্যাব দাবি করেছে। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ২০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া হান্না র্যাব সদস্যদের সঙ্গে 'অস্ত্র উদ্ধার অভিযানে' গিয়ে ক্রসফায়ারের শিকার হয়। র্যাব -২ এর সদস্যরা গত ২১ ডিসেম্বর ঈদের দিন হান্নাকে গ্রেপ্তার করেছিল।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে র্যাব এর একটি দল অস্ত্র উদ্ধার এবং অন্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য হান্নাকে নিয়ে অভিযানে বের হয়। আলমগীর হোসেন বলেন, রাত আড়াইটার দিকে র্যাবের দলটি মোহাম্মদপুর সঙ্গীত মহাবিদ্যালয়ের সামনে পৌঁছলে হান্নার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে হান্না পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় বলে তিনি দাবি করেন।
প্রায় এক ঘন্টাব্যাপী গোলাগুলি শেষে সন্ত্রাসীরা পালিয়ে গেলে র্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইটি রিভলবার, চার রাউন্ড গুলি এবং একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করে। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল গুরুতর আহত অবস্থায় হান্নাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হান্নান ওরফে হান্না ৪৭, পশ্চিম আগারগাঁওয়ের মৃত আবু তালেবের ছেলে। তার দেশের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামে।
হান্নার বোন মমতাজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২১ ডিসেম্বর ঈদের দিন এক লাখ টাকা নিয়ে কোরবানীর পশুর চামড়া কেনার জন্য হান্না বাড়ি থেকে বের হয়। ওইদিনই র্যাব-২ সদস্যরা তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে র্যাব-২ এর উপ-সহকারি পরিচালক মো. সাজ্জাদ আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। হান্নার বিরুদ্ধে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন থানায় ৩টি হত্যা এবং ১৬টি অন্যান্য মামলা ও একটি জিডি আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২০৪২ঘ.
bdnews24