কুড়িগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমিত প্রায় দেড় হাজার হাঁস-মুরগি-কবুতর নিধন করা হয়েছে।
স্থানীয় পশুসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর, দালালীপাড়া, বকসীপাড়া গ্রামে এ নিধন অভিযান চলে।
পশু সম্পদ কর্মকর্তা ডা. শফিউজ্জামান জানান, তিন গ্রামের ৫০টি বাড়ির এক হাজার ৩৭২টি মুরগি, ৪৬টি হাঁস ও ২০টি কবুতর ধ্বংস করে মাটির গর্তে চুন ও ওষুধ দিয়ে পুঁতে রাখা হয়।
পুলিশ, বিডিআর, আনসার সদস্যদের সহায়তায় জেলা পশু সম্পদ দপ্তরের প্রায় ৫০ সদস্যের একটি দল এ নিধন অভিযান চালায়। জেলা প্রশাসক এ আর মোল্লাও নিধন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
কুড়িগ্রাম জেলা পশুসম্পদ দপ্তর জানায়, গত ১ জানুয়ারি দালালীপাড়া গ্রামের এমদাদুল হক মাস্টারের চারটি দেশি মুরগি মারা যায়। পরে মৃত মুরগির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৩ জানুয়ারি ওই এলাকার গৃহপালিত পাখি নিধনের জন্য ঢাকা থেকে জেলা প্রশাসকের কাছে ফ্যাক্সবার্তা আসে।
পশুসম্পদ কর্মকর্তা শফিউজ্জামান সাংবাদিকদের বলেন, "সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে; আতঙ্কিত হওয়ার কিছু নেই।"
ক্ষতিগ্রস্ত খামার মালিক ও পরিবারগুলোকে সরকার নির্ধারিত হারে ক্ষতিপূরণ দেয়া হবে বলে পশুসম্পদ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৬ ঘ.
bdnews24