ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় বৃহস্পতিবার সকালে দেয়াল চাপা পড়ে দুই শিশু মারা গেছে। এ সময় আরো এক শিশু আহত হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, সকাল সাড়ে সাতটার দিকে তিনটি শিশু রোদ পোহানোর জন্য একটি নির্মাণাধীন ভবনের প্রাচীরের পাশে বসে ছিল। এ সময় হঠাৎ করে প্রাচীর ভেঙে পড়লে ঘটনাস্থলেই দুইটি শিশুর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ শ্রমিককে আটক করেছে।
নিহতরা হলো পূর্ব রাজাবাজার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ইমরান হোসেন ও সাড়ে তিন বছর বয়সের সাদেকুন্নাহার। ৬২, পশ্চিম রাজাবাজারের বাসিন্দা ইমরানের বাবার নাম তসলিম মজুমদার। সাদেকুন্নাহারের বাবা সায়েদুর রহমান পেশায় রিকশাচালক। তারা ৪৮/জি, পশ্চিম রাজাবাজারে থাকে।
আহত ছয় বছরের শিশু নামিয়াকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
নির্মাণাধীন বাড়ির মালিককে খোঁজা হচ্ছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/১৭০৮ঘ.
bdnews24