নাটোর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নাটোর মহাসড়কের বনপাড়ায় সোমবার ভোরে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
ডাকাতদের ছুরির আঘাতে নয় যাত্রী আহত হন। এদের মধ্যে জফেরউদ্দিন (৬৫), মতিয়ার রহমান (৪৫) ও মুনতাজুল হককে (৪৫) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আজিজ জানান, ভোর ৫টায় ঈশ্বরদী থেকে সনি পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটি বনপাড়া বাইপাস মোড় অতিক্রমের পর যাত্রীবেশী সাত/আট জন ডাকাত অস্ত্রের মুখে যাত্রীদের মারপিট করে নগদ টাকা ও মোবাইলসহ সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে। এ সময় যাত্রী জফের উদ্দিন, মতিয়ার রহমান ও মুনতাজুল হকসহ ৯ জন আহত হন।
বাসটি বড়াইগ্রামের মানিকপুর পৌঁছলে ডাকাতরা একটি মাইক্রো বাসে উঠে পালিয়ে যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২২৮ ঘ.
bdnews24