২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘোষিত আয় বৈধ করার সুযোগ ভাল ফল দেয়নি: বদিউর রহমান

অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ দিয়ে ভাল ফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউর রহমান। তিনি বলেন, '' যারা কামান দিতে চেয়েছিলেন, এখন তাদের পিস্তল দিতেও কষ্ট হচ্ছে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ দিয়ে ভাল ফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউর রহমান। তিনি বলেন, '' যারা কামান দিতে চেয়েছিলেন, এখন তাদের পিস্তল দিতেও কষ্ট হচ্ছে।'' সোমবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) বদিউর রহমান সেগুনবাগিচায় তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, রোববার পর্যন্ত দুই হাজার ৮৩১ কোটি ২২ লাখ টাকা বৈধ হয়েছে। অথচ দুই লাখ কোটি টাকার বেশি অঘোষিত অর্থ দেশে আছে বলে অর্থনীতিবিদরা বিভিন্ন সময় তথ্য দিয়েছেন। সে হিসাবে গত সাড়ে তিন মাসের বেশি সময়ে খুবই সামান্য পরিমাণ অঘোষিত আয় বৈধ হয়েছে। বদিউর রহমান বলেন, "আমরা ভেবেছিলাম সরকার ঘোষিত এ সুযোগ নিয়ে দেশের বিপুল সংখ্যক লোক মোটা অংকের অপ্রদর্শিত আয় বৈধ করবেন। কিন্তু দুই মাস সময় বাড়ানোর পরও তেমন ইতিবাচক সাড়া মেলেনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ''অনেক বড় বড় লোক অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার দাবি করে বলেছিলেন, সরকার এ সুযোগ দিলে তারা ৫০ শতাংশ পর্যন্ত ট্যাক্স দিতে রাজি আছেন। কিন্তু এখন তাদের কোনো কথা নেই।'' তিনি বলেন, ''একজন অর্থনীতিবিদ পরিসংখ্যান দিয়ে বলেছেন, দেশে নাকি দুই লাখ কোটি টাকার বেশি অপ্রদর্শিত অর্থ আছে। তার হিসাব যদি ঠিক হয়, তাহলে ৫০ হাজার কোটি টাকা বৈধ হলেও খুশি হতাম। কিন্তু এখন পর্যন্ত হয়েছে মাত্র দুই হাজার ৮৩১ কোটি টাকা।'' বদিউর রহমান জানান, কোনো অবস্থাতেই আর এ সুযোগ গ্রহণের সময়সীমা বাড়ানো হবে না। ৩০ সেপ্টেম্বরের পর আমরা আর নমনীয় থাকবো না। সারা দেশে অবৈধ অর্থের খোঁজে অভিযানে নামবে এনবিআর কর্মকর্তারা। তখন কাউকেই ছাড় দেওয়া হবে না। যার কাছেই অবৈধ অর্থ পাওয়া যাবে তার বিরুদ্ধেই বিদ্যমান আইনে জরিমানাসহ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, '' রোববার পর্যন্ত মোট ১৮ হাজার ৪৫১ জন তাদের অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন। আর এ থেকে সরকার কর পেয়েছে ৪৮৪ কোটি ৩৬ লাখ টাকা।'' রাজস্ব আদায় বাড়াতে বেশ কিছু সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে বদিউর রহমান জানিয়েছেন। তিনি জানান, নতুন করদাতা সনাক্ত করতে রাজধানীসহ সারা দেশে জরিপ চলছে। ইতোমধ্যে প্রায় এক লাখ নতুন করদাতা চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া করদাতাদের হয়রানি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ''রাজস্ব আদায় বাড়াতে বেশ কিছু সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নতুন করদাতা সনাক্ত করতে রাজধানীসহ সারা দেশে জরিপ পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় এক লাখ নতুন করদাতা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪২ হাজার ৭৩৮ জন। এসব করদাতার কাছ থেকে আগামীতে ভালো কর পাওয়া যাবে। এছাড়া করদাতাদের হয়রানি কমাতে কর কর্মকর্তাদের ক্ষমতা হ্রাসসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।'' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''এখন আর অযথা কারো ব্যাংক একাউন্ট জব্দ (ফ্রিজ) বা হিসাব তলব করা হবে না। সরকারও ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন ব্যাপারে নমনীয় মনোভাব দেখাচ্ছে। আমরাও তা অনুসরণের চেষ্টা করবো।'' তিনি জানান, এখন পর্যন্ত কর ফাঁকির অভিযোগে মোট ৩৭ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত অনুমোদন করেছে এনবিআর বোর্ড। ইতোমধ্যে ৩৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান জানান, ৩০ সেপ্টেম্বর অঘোষিত আয় বৈধ করার শেষ দিন। এর আগের দিন শনিবার (২৯ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সবাই যাতে অঘোষিত আয় বৈধ করার সুযোগ পায় সেজন্য বাংলাদেশ ব্যাংককে এ দিন ব্যাংক খোলা রাখার জন্য এনবিআর-এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আর শেষ দিন রোববার ব্যাংক লেনদেনের সময়সীমাও এক ঘণ্টা বাড়িয়ে সাড়ে চারটা পর্যন্ত করার অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/এমএইচবি/২১২৩ ঘ.