ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্র্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বহুল আলোচিত সোনা চোরাচালান মামলায় বেকসুর খালাস পেয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আবুল বাসার এ রায় ঘোষণা করেন ।
মামলাটির রায় ঘোষণা এর আগে সাত বার পিছিয়েছিল।
এরশাদ রায়ের প্রতিক্রিয়ায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "আমি সুবিচার পেয়েছি। আদালত নিজস্ব গতিতে চললে সব মামলাতেই আমি খালাস পাব।"
তার আইনজীবী শেখ সিরাজুল ইসলাম বলেন, "এ রায়ে প্রমাণ হল বিচারবিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিগত সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা দায়ের করেছিল। এরশাদের বিরুদ্ধে সাজানো এ মামলায় রাষ্ট্রপক্ষের আটজন স্বাক্ষী তার সম্পৃক্ততা সম্পর্কে একটি কথাও বলতে পারেননি।"
১৯৯০ সালের ১৬ জুলাই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মান নাগরিক বার্নার্ড রুডিগার্ড ও ব্রিটিশ নাগরিক ডেভিড অ্যান্টনি চকারের লাগেজ তল্লাশি করে দুই কোটি চল্লিশ লাখ টাকার তিন হাজার তোলা সোনা উদ্ধার করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ ব্যাপারে কাস্টমস ও ভ্যাট পরিদর্শক মো. জাকারিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে ও আদালতে দাখিল করা প্রথম অভিযোগপত্রে এরশাদের নাম না থাকলেও পরে ১৯৯১ সালের ৩১ আগস্ট তার বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ১৫ই অক্টোবর এরশাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ডি ) ধারায় অভিযোগ গঠন করা হয়।
এ মামলায় ১৯৯২ সালের ১৪ মে দুই বিদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বিমানবন্দরের ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর আশরাফ উদ্দিন সেকেন্দার ১৪ বছর ও নিরাপত্তা কর্মকর্তা মো. আবু তাহের সাত বছরের কারাদণ্ড পান।
মাকসুদুর রহমান এবং এয়ার কমোডর মইনুল হোসেনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়। এ সময়কালে মামলাটিতে এরশাদের বিরুদ্ধে বিচারকাজ হাইকোর্টের নির্দেশে স্থগিত ছিল। স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের আটজনের সাক্ষ্য নেওয়া হয়।
বিচারক রায়ে বলেন আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ডি ) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া গেল।
নীল রংয়ের ফুল শার্ট এবং ধূসর রংয়ের প্যান্ট পরা এরশাদ সকাল ১০টা ১৭ মিনিটে আদালতে হাজির হন। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির ভারপ্রপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলের নেতা সৈয়দ আবু হোসেন বাবলা, এবিএম রুহুল আমিন হাওলাদার , জিয়াউদ্দিন বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এসএনডি/এসকে/১২১৪ঘ.
bdnews24