রাজশাহী, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে রাবিতে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার রাবির সাবেক উপচার্য অধ্যাপক সাইদুর রহমান খানসহ ছয় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
অভিযুক্ত ছয় শিক্ষককে সোমবার সকালে মহানগর দ্রুত বিচার আদালতে হাজির করার পর বিচারক ফজলুল করিম চৌধুরী তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তাদের বিরুদ্ধে ২২ আগস্ট বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় জরুরি বিধিমালা লঙ্ঘন, বিক্ষোভে উসকানি দেওয়া ও ভাঙচুরের অভিযোগ আনা হয়।
একইসঙ্গে আদালত মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। প্রথম দিন মামলার বাদি মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদের সাক্ষ্য নেওয়া হবে।
অধ্যাপক সাইদুর রহমান খান ছাড়া বাকি পাঁচ শিক্ষক হলেন, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ও ফলিত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুস সোবহান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মলয় ভৌমিক, গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুন।
তাদের পক্ষে অ্যাডভোকেট মনসুর রহমানসহ পাঁচজন আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘটনায় গত ২৩ আগস্ট রাতে সাবেক উপাচার্য সাইদুর রহমান খান ও অধ্যাপক আব্দুস সোবুুহানকে এবং পরদিন বিকেলে অধ্যাপক মলয় ভৌমিককে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মতিহার থানা পুলিশ জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে ২৫ আগস্ট তাদের আদালতে হাজির করলে মহানগর ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ওই তিন শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ সেপ্টেম্বর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ ওই ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ৩ সেপ্টেম্বর গণযোগাযোগ বিভাগের ৩ শিক্ষক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। ১১ সেপ্টেম্বর মামলার শুনানি শুরু হয়।
এর আগে সাইদুর রহমান খান, আব্দুস সোবহান ও মলয় কুমার ভৌমিকের বিরুদ্ধে জরুরি বিধিমালায় দায়ের করা আরেকটি মামলা আদালত খারিজ করে দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৫৩৪ ঘ.
bdnews24