ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সরকার, তৈরি পোশাক শিল্পের মালিক ও শ্রমিকদের মধ্যে বিগত জোট সরকারের আমলে করা 'ত্রিপক্ষীয় চুক্তি' শতকরা ৯৫ ভাগ শিল্প কারখানায় বাস্তবায়িত হয়েছে বলে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা দাবি করলেও শ্রমিকরা বলেছেন, "ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী তারা সুফল পাচ্ছেন না। তাদের চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হয়নি।"
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিকরা এ অভিযোগ করেন।
শ্রমিকদের অভিযোগের জবাবে উপদেষ্টা বলেন, "৩০ সেপ্টেম্বরের মধ্যে সবগুলি গার্মেন্টস কারাখানায় চুক্তিটি বাস্তবায়ন করা হবে বলে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সরকারকে প্রতিশ্র"তি দিয়েছে।"
শ্রমিকরা উপদেষ্টার কাছে অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী রাতে নারী শ্রমিকদের কাজ করার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও অধিকাংশ গার্মেন্টস এ নীতি মানছে না।
তারা বলেন, "নিয়োগপত্রের মাধ্যমে ন্যুনতম মজুরি ১৬৬২ টাকা ৫০ পয়সা দেওয়ার কথা থাকলেও কোনো কোনো গার্মেন্টস টাকা দিলেও নিয়োগ দিচ্ছে না। আবার কেউ কেউ টাকাও দিচ্ছে না।"
ক্ষেত্র বিশেষে শ্রমিকরা 'ওভার টাইম' পাচ্ছে না বলেও উপদেষ্টার কাছে অভিযোগ করেন।
আনোয়ারুল ইকবাল বলেন, "চুক্তি বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না- এ ব্যাপারে সরকারের একটি টিম কাজ করে যাচ্ছে। যেসব গার্মেন্টসে এ চুক্তি বাস্তবায়ন করছে না সরকারের পক্ষ থেকে তাদের তালিকা বিজিএমইএ ও বিকেএমইএ এর কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তাদের পরামর্শ অনুযায়ী ৫১টি গার্মেন্টস এর বিরুদ্ধে সরকার শ্রম আদালতে মামলাও দায়ের করেছে।"
এটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, "উত্তরাঞ্চলের মঙ্গা পীড়িত এলাকা থেকে লোকজন এনে দক্ষতা বাড়ানোর জন্য দশ সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তাদের তৈরি পোশাক শিল্প কারখানায় চাকুরির ব্যবস্থা করা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএল/এমএ/১৫০৯ ঘ.
bdnews24