২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ভুল ইনজেকশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ

শহরের মুলাটোল মহল্লার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে শনিবার ভুল ইনজেকশনে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 07:23 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

রংপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শহরের মুলাটোল মহল্লার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে শনিবার ভুল ইনজেকশনে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার সকালে এ ঘটনার পর মৃত শিশুর বিক্ষুব্ধ স্বজনদের হাতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ হোসেন লাঞ্ছিত হন। তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ করে দায়ী ডাক্তার ও নার্সের শাস্তি চেয়েছে। পরিস্থিতি খারাপ দেখে পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে বলে ওই এলাকার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক জাকারিয়া সাংবাদিকদের জানিয়েছেন। পরিচালক ডা. মোহাম্মদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "ডাক্তার ও নার্সরা বাচ্চাকে ইনজেকশন দেওয়া হয়েছে বলে আমাকে জানিয়েছেন।" তিনি আরো বলেন, "শিশুটি মারা যাওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।" মৃত শিশুর বাবা মাসুদ রানা জানান, "শুক্রবার বেলা ১১ টার সময় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ডা. মাহবুবা হাসনাত আমার স্ত্রী মুক্তা বেগমের সিজারিয়ান অপারেশন করলে একটি ছেলে হয়। এরপর আমার স্ত্রী ও সন্তানকে হাসপাতালের ৩০৭ নম্বর কেবিনে রাখা হয়।" মুক্তা বেগম জানান, শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে কর্তব্যরত এক নার্স শিশুকে ইনজেকশন দিতে চাইলে আমি বাধা দিই। কিন্তু নার্সকে নাকি ডাক্তার ইনজেকশন দিতে বলেছেন। তাই বাধা দেওয়া সত্ত্বেও তিনি ইনজেকশন দেন। সঙ্গে সঙ্গে আমার ছেলে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। মুক্তা বেগম আরও বলেন, "ভোর সাড়ে ৫ টার দিকে ডা. মোহাম্মদ হোসেন এসে বলেন, ভুল হয়ে গেছে, আল্লার মাল আল্লায় নিয়ে গেছেন, এখন এসব করে কী হবে।" ডা. মোহাম্মদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কাছে তার এই বক্তব্যের কথা অস্বীকার করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এমএসবি/০১১২ ঘ.