নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা হয়েছে। মামলায় গিয়াসউদ্দিন ছাড়াও আসামি করা হয়েছে তার সাবেক সহকারী ব্যক্তিগত সচিব খন্দকার আক্তার হোসেন ওরফে কাইল্ল্যা আক্তারকে।
সিদ্ধিরগঞ্জের চুন কারখানা মেসার্স বাদশাহ লাইমসের মালিক আমির হোসেন এ মামলা করেন। এতে আসামিদের বিরুদ্ধে ৬৮ লাখ ৪০ হাজার টাকা চাঁদা গ্রহণের অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বলা হয়, সাংসদ থাকার সময় মুহাম্মদ গিয়াসউদ্দিন তার সহকারী ব্যক্তিগত সচিবের মাধ্যমে বাদীসহ কয়েকটি চুন কারখানার মালিককে তার কার্যালয়ে ডেকে নিয়ে চাঁদা চান। তাদের বলা হয়, প্রতি মন চুনে ৬০ টাকা করে চাঁদা না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।
পরে ২০০২ সালের ৩০ জুন থেকে ২০০৩ সালের ৩০ মার্চ পর্যন্ত কাইল্ল্যা আক্তারের মাধ্যমে গিয়াসউদ্দিন তাদের কাছ থেকে নগদ টাকা ও চেকের মাধ্যমে ৬৮ লাখ ৪০ হাজার টাকা চাঁদা আদায় করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এহসানউদ্দিন চৌধুরী জানান, চারটি চুন কারখানার পক্ষে বাদশাহ লাইমসের মালিক আমির হোসেন মামলা করেছেন।
গিয়াসউদ্দিন এখন কারাগারে এবং কাইল্ল্যা আক্তার পালিয়ে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২১০ ঘ.
bdnews24