ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রশিকা থেকে বরখাস্ত হওয়া এক উপ-পরিচালকের দায়ের করা চুরি ও মারধরের মামলায় জামিন পেয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ড. কাজী ফারুক আহমেদসহ ১০ কর্মকর্তা।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. মিজানুর রহমান বৃহস্পতিবার অভিযোগ গঠনের ধার্য দিনে তাদের জামিন দেন।
এর আগে মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তাদের আইনজীবীরা এ সময় মামলা থেকে অব্যাহতির আবেদনের ওপর শুনানি করেন। পরে আদালত ১১ নভেম্বর ফের অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।
মামলার বাদী শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, ২০০৪ সালের ১১ মে দুপুর ১২ টার দিকে পল্লবীর প্রশিকা কার্যালয়ের সামনে অন্য ভুক্তভোগীদের সঙ্গে ড. কাজী ফারুক আহমেদের বেআইনি কাজের বিষয়ে আলোচনা করার সময় অভিযুক্তরা লাঠি ও হকিস্টিক নিয়ে হামলা করে।
এ সময় তারা স্বর্ণের চেইনসহ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।
সেদিনই পল্লবী থানায় ড. কাজী ফারুক আহমেদসহ ১১ জনকে আসামি করেন শাহাদাৎ হোসেন। এতে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়।
পরের বছর ২৫ মে থানার উপ-পরিদর্শক আ. রহিম খান একজনকে বাদ দিয়ে দশজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
কাজী ফারুক ছাড়া অন্য অভিযুক্তরা হলেন মো. জাহাঙ্গীর আলম, সহিদ খান, নূরুল ইসলাম, মিজানুর রহমান, হাসিবুল ইসলাম, আ. হাকিম, আবুল কাশেম পলাশ, মো. সাঈদ হোসেন ও একরামুল ইসলাম মিল্টন।
ড. কাজী ফারুক আহমেদের বিরুদ্ধে বর্তমানে দুর্নীতিসহ ১৯ টি মামলা বিচারাধীন। এর সবগুলোতেই তিনি জামিনে আছেন।
ুুু
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএ/১৫৫৬ঘ.
bdnews24