রাজশাহী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার রাজশাহীর আমলি আদালতে মামলাটি করেন গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকার মো. আলমগীর নামে এক ব্যক্তি।
মামলায় ব্যারিস্টার আমিনুল ছাড়াও গোদাগাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদকে আসামি করা হয়েছে। এতে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও ৪০ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আমলি আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার জন্য গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
আদালতের কাগজপত্র দেখে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে বুধবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান।
এ নিয়ে ব্যারিস্টার আমিনুলের বিরুদ্ধে জঙ্গি মদদদান, হত্যা, জমি দখল, সরকারি গাছ কাটা ও প্রতারণার অভিযোগে ১০টি মামলা হল। এর মধ্যে গোদাগাড়ী থানায় পাঁচটি, তানোরে দুটি এবং বাগমারায় তিনটি। একটি মামলায় খালাস পেলেও জঙ্গি মদদের এক মামলায় ব্যারিস্টার আমিনুলের ৩২ বছর সাজা হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন।
মঙ্গলবার দায়ের করা মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০০৩ সালে গোদাগাড়ী মহিলা কলেজে নৈশ প্রহরীর চাকরি দেওয়ার বিনিময়ে ওই কলেজের সভাপতি ব্যারিস্টার আমিনুল হক ও অধ্যক্ষ রশিদ বাদির কাছে ৪০ হাজার ৫০০ টাকা দাবি করেন। সে অনুযায়ী ওই বছরের ৩ অক্টোবর সকালে ব্যারিস্টার আমিনুলের বাড়িতে গিয়ে অধ্যক্ষ রশীদের হাতে টাকা দিয়ে আসেন।
বাদি অভিযোগ করেন, টাকা দেওয়ার পর চাকরি হলেও তাকে বেতন দেওয়া হয়নি। পরে তিনি জানতে পারেন, তাকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। তাই প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২০ ঘ.
bdnews24