ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোন মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মওদুদ আহমেদের আত্মীয় মো. আমির হোসেনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেন।
হাইকোর্টের এই রায়ের ফলে মওদুদ আহমেদের কারামুক্তি দেওয়ার আর কোন বাধা নেই বলে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, মওদুদ আহমেদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। সেই মামলায় গত ১৮ আগস্ট হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে গেলেও কোন স্থগিতাদেশ দেওয়া হয়নি। এর ফলে মওদুদ আহমেদ এখন মুক্তি পেতে পারেন।
মওদুদ আহমেদকে গত ১২ এপ্রিল বাসভবন থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ৫ জুলাই তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেয় সরকার। ২৬ জুলাই এই আটকাদেশের মেয়াদ ৯০ দিন বাড়ানো হয়।
আটকাদেশ চ্যালেঞ্জ করে রিট মামলার উপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
হাইকোর্টের এই একই বেঞ্চ বিএনপির সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের আটকাদেশও অবৈধ ঘোষণা করেছে। অন্য কোন মামলা না থাকলে তাকেও মুক্তি দিতে আদেশ দিয়েছে আদালত। জয়নাল আবেদিন ফারুকের মেয়ে তামান্না ফারুকের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেয় । গত ২৫ মে জয়নাল আবেদিন ফারুককে গ্রেপ্তার করা হয়। বিএনপির সাবেক এই সাংসদকে গ্রেপ্তারের পর প্রথমে ৯ জুলাই থেকে ৩০ দিনের ও পরে ২৬ জুলাই ৯০ দিনের আটকাদেশ দেয় সরকার।
তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৭৪০ঘ.
bdnews24