ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইসলামপুর ও সরিষাবাড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে মঙ্গলবার সাত শিশুর মৃত্যু হয়েছে।
ইসলামপুর উপজেলার সভারচর গ্রামে চার শিশু পানিতে ডুবে মারা যায় বলে জানিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম।
তিনি জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় আব্দুল মান্নানের দুই যমজ শিশু শফিকুল ইসলাম (২) ও রফিকুল ইসলাম (২) এবং তাদের সঙ্গী আরফান (৪) ও জোনাকি (৩)। পরে গ্রামবাসী তাদের লাশ উদ্ধার করে।
মঙ্গলবার দুপুরে একই উপজেলায় চিতোষী ইউনিয়নের শসারিয়াবাড়ি গ্রামের মনু মিয়ার সাত বছর বয়সী ছেলে রাশেদুল হাসান বন্যার পানিতে ডুবে মারা যায় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাশমত আলী।
এদিকে সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সকালে উপজেলার মুনারপাড়া গ্রামে সোহাগ (৭) ও মুক্তা (৯) নামে দুই শিশু বন্যার পানিতে ডুবে মারা যায়।
নিহতরা চাচাত ভাইবোন বলে ইউএনও দেলোয়ার জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৭২০ ঘ.
bdnews24