২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের বাধা দূর হলো: সিইসি

ঘরোয়া রাজনীতি চালু করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে ২০০৮ সালের মধ্যে অনুষ্ঠেয় নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের সব বাধা দূর হলো। সোমবার দুপুরে সিইসি তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 11:58 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঘরোয়া রাজনীতি চালু করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে ২০০৮ সালের মধ্যে অনুষ্ঠেয় নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের সব বাধা দূর হলো। সোমবার দুপুরে সিইসি তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। শামসুল হুদা বলেন, "আমরা মনে করি সরকার ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে সঠিক ও সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে রোডম্যাপ বাস্তবায়নে অসুবিধা হতো। সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন রোডম্যাপ বাস্তবায়নের সকল প্রতিবন্ধক দূর হয়েছে।" ঘরোয়া রাজনীতি চালু হওয়ার পর কমিশন রোডম্যাপ অনুযায়ী নির্বাচনী সংস্কার আইন নিয়ে বুধবার থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে বলেও জানান তিনি। রোডম্যাপ বাস্তবায়নে কমিশন এখন আগের চেয়ে অনেক আস্থাশীল, এ কথা জানিয়ে তিনি বলেন, "এখন একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।" রাজনৈতিক দলের ভাঙন কমিশনের রোডম্যাপ বাস্তবায়নে কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, "রাজনৈতিক দলের ভাঙাগড়া আমাদের কোনো চিন্তার বিষয় নয়। তাদের মধ্যে এখন যে অস্থিরতা চলছে, সেটা তারা নিজেরাই ঠিক করে নেবে। কমিশন মনে করে, বড় দুই দলের সঙ্গে নভেম্বরে আলোচনা হবে; এর মধ্যেই তাদের নিজস্ব বিরোধ কেটে যাবে।" রোডম্যাপ বাস্তবায়নে তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রত্যাশা করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, "এখন আমরা সামনে পরিষ্কার গন্তব্য দেখতে পাচ্ছি। আগামী বছর ডিসেম্বরের মধ্যেই আমরা নির্বাচন শেষ করবো। কিন্তু যদি ছবিসহ ভোটার তালিকার কাজ আগেই শেষ করতে পারি, তাহলে অক্টোবরেও নির্বাচন হতে পারে।" তিনি জানান, ইতিমধ্যে ৩০টি জায়গায় ছবিসহ ভোটার তালিকার কাজ চলছে। আর ভোটার তালিকা তৈরির জন্য ল্যাপটপসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনার প্রস্তুতিও চলছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও শেষ হয়েছে বলে জানান তিনি। এদিকে অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনও ঘরোয়া রাজনীতি চালু হওয়ার সরকারি সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, নির্বাচনী সংস্কার আইন নিয়ে এখন রাজনৈতিক দলগুলো খোলা মনে তাদের মতামত দেবে। এতে করে নির্বাচনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমএ/১৭৪৮ঘ.