ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ঘরোয়া রাজনীতি চালু করার জন্য ১১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা রোববার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "নির্বাচনী সংস্কার আইন নিয়ে ১২ সেপ্টেম্বর থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা। এরমধ্যে যদি ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয় তাহলে আমরা ১১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে ঘরোয়া রাজনীতি চালু করার অনুরোধ করবো। ঘরোয়া রাজনীতির বিষয়ে সরকারি সিদ্ধান্ত কি তা আমাদের জানতে হবে।"
তিনি আরও বলেন, "কোনও দল যদি সময়সূচি (শিডিউল) অনুযায়ী আলোচনা করতে না পারে তাহলে কমিশনের সঙ্গে তাদের আলাপ সাপেক্ষে সময় পিছিয়ে দেওয়া যেতে পারে। আমরা চাই আলোচনা ফলপ্রসূ হোক। কারণ আমরা নির্বাচনী আইনে যে সংস্কার প্রস্তাব তৈরি করেছি তা সূদুরপ্রসারী এবং গুরুত্বপূর্ণ। এসব দলীয় ফোরামে আলোচনা করা দরকার।"
উল্লেখ্য, সিইসি কিছুদিন ধরেই 'রোডম্যাপ' অনুযায়ী নির্বাচনের স্বার্থে ঘরোয়া রাজনীতি চালু করার তাগিদ দিয়ে আসছেন। গত ৪ এপ্রিল সিইসি আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে সাক্ষাত করে ঘরোয়া রাজনীতি চালু করার অনুরোধ জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জিএমএ/এসকে/১৭৩৬ ঘ.
bdnews24