২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো পিছিয়েছে এরশাদের সোনা চোরাচালান মামলার রায়

সপ্তমবারের মতো পিছিয়ে গেল সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা সোনা চোরাচালান মামলার রায়। বিচারক অসুস্থ থাকায় বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আবুল বাসার পৌনে এগারোটায় কমলা রঙের একটি রোদ চশমা পরে এজলাসে উঠে প্রথমেই বলেন, "আমি দুঃখিত, আমি সাতদিন ধরে অসুস্থ থাকায় রায় তৈরি করতে পারিনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 06:12 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সপ্তমবারের মতো পিছিয়ে গেল সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়ের করা সোনা চোরাচালান মামলার রায়। বিচারক অসুস্থ থাকায় বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আবুল বাসার পৌনে এগারোটায় কমলা রঙের একটি রোদ চশমা পরে এজলাসে উঠে প্রথমেই বলেন, "আমি দুঃখিত, আমি সাতদিন ধরে অসুস্থ থাকায় রায় তৈরি করতে পারিনি।" এর আগের বিচারক এস এম মজিবুর রহমান ছয়বার এই মামলার রায় পিছিয়ে দিয়েছিলেন। এ সময় এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম বিচারককে বলেন, "যেহেতু এরশাদের বিরুদ্ধে আরো মামলা রয়েছে তাই ১৭ তারিখের পর যেকোনো তারিখ ধার্য করলে আমাদের ভালো হয়।" বিচারক জবাবে বলেন, "এ মামলায় সর্বোচ্চ এক সপ্তাহ সময় দেওয়া যাবে।" পরে তিনি ১৮ তারিখ রায় ঘোষণার তারিখ ধার্য করেন। এর আগে সকাল সোয়া দশটায় গাঢ় নীল রঙের সাফারি ও গলায় প্রিন্টেড স্কার্ফ পরে আদালতে হাজির হন এরশাদ। রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হতে পারে শুনে এরশাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখন সুস্থ থাকলেও বিচারক তো অসুস্থ। এ মামলার রায় আজকে নিয়ে সাতবারের মতো পিছিয়ে যাবে। কি আর করা?" মামলায় এরশাদ খালাস পাবেন এ প্রত্যাশা রেখে শেখ সিরাজুল ইসলাম বলেন, "বছরের পর বছর ধরে আমাদের এ মামলার ঘানি টানতে হচ্ছে। এ মামলায় তদন্ত কর্মকর্তা যে সাক্ষ্য দিয়েছেন তাতে এরশাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় না। বিশেষ ক্ষমতা আইনের ওই ধারাগুলোও এরশাদের বিরুদ্ধে প্রযোজ্য হয় না। তাই এরশাদ এ মামলায় খালাস পেতে পারেন।" এ সময় আদালতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টি নেতা জিয়া উদ্দিন বাবলু। ১৯৯০ সালের ১৬ জুলাই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মান নাগরিক বার্নার্ড রুডিগার্ড ও ব্রিটিশ নাগরিক ডেভিড অ্যান্থনির মালামাল তল্লাশি করে ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের তিন হাজার তোলা স্বর্ণ উদ্ধার করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে কাস্টমস ও ভ্যাট ইন্সপেক্টর মো. জাকারিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। ১৯৯১ সালের ৩১ আগস্ট সম্পূরক অভিযোগপত্র দিয়ে এরশাদকে এ মামলার আসামি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএ ১২০৫