সিলেট, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাক্ষী হাজির না হওয়ায় সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। মামলার নতুন তারিখ ধার্য হয়েছে ১২ সেপ্টেম্বর।
বুধবার সিলেটের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি সংক্রান্ত বিশেষ আদালতের বিচারক ফেরদৌস আহমদ সাক্ষ্যগ্রহণের এ তারিখ নির্ধারণ করেন।
অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া এ মামলায় গত ২৬ আগস্ট প্রথম দফা সাক্ষ্য নেওয়া হয়। ওই দিন একজনের সাক্ষ্যগ্রহণ শেষে দ্বিতীয় দফায় বুধবার সাক্ষ্যগ্রহণের তারিখ ছিল।
সাক্ষীরা আদালতে হাজির না থাকায় তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে বলে সরকারি কৌসুলি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জেয়ারত করে দরগাহ থেকে বের হওয়ার সময় গ্রেনেড হামলার শিকার হয়। এতে এক পুলিশ সদস্যসহ তিনজন মারা যান এবং ব্রিটিশ হাইকমিশনারসহ অর্ধশত লোক আহত হন।
এ ঘটনার দীর্ঘ তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেনেড হামলার জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদকে দায়ী করে হরকাতুল জিহাদের একাংশের নেতা মুফতি হান্নানসহ চারজনকে অভিযুক্ত করে দুটি (হত্যা ও বিস্ফোরক) অভিযোগপত্র দেয়। এরপর গত ২৬ আগস্ট থেকে মামলার বিচারকাজ শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/২২০১ ঘ.
bdnews24