ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলালকে দুই দফায় নয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. শাহ আলম সরদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ দিন বিকেল সোয়া ৪টায় হেলালকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক গোলাম মাহফিজ তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া প্রতিবেদনে বলেন, রিমান্ডে হেলাল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এসব তথ্য গোপন রাখা হয়েছে।
জরুরি আইন ভঙ্গ, ছাত্র বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগে ইন্ধন দেওয়ার অভিযোগে ২৪ আগস্ট হেলালকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ওই দিন রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরের দিন ২৫ আগস্ট শাহবাগ থানায় দায়ের দ্বিতীয় মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/এমএইচবি/১৯৪৭ ঘ.
bdnews24