ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠানের যে চুক্তি হয়েছে তাতে দেশ ও জনগণের স্বার্থ রক্ষিত হয়নি। সোমবার স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল অসন্তোষ প্রকাশ করে এ কথা বলেছেন।
তিনি জানান, ফ্লাইওভারের কাজ একেবারেই বন্ধ করে দেওয়া হবে নাকি প্রকল্পটি কাটছাট করে বাস্তবায়ন করা হবে সে সিদ্ধান্ত নিতে আগামী সাতদিনের মধ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে বিষয়টি উত্থাপন করা হবে।
সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সম্পর্কিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার বেসরকারি ব্যবস্থাপনায় নির্মাণের জন্য নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা সিটি করপোরেশন যে চুক্তি করেছে, তাতে দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করা হয়নি। ওই চুক্তির বিষয়টি যেহেতু অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদন নিয়ে করা হয়েছে, তাই পরবর্তী সিদ্ধান্তের জন্য সেটা আবার ওই কমিটিতে পাঠানো হচ্ছে।"
তিনি বলেন, "ওই চুক্তিতে ২৪ বছরের জন্য নির্মাতা প্রতিষ্ঠান টোল আদায়ের দায়িত্ব পেয়েছে। এ সময় ওই এলাকার যাবতীয় যানবাহন ফ্লাইওভারের ওপর দিয়ে চলাচলও বাধ্যতামূলক করা হয়েছে। সরকার ওই এলাকায় আর কোন বিকল্প সড়ক বা যোগাযোগের ব্যবস্থা গড়ে তুলতে পারবে না সেটাও চুক্তিতে উল্লেখ রয়েছে। যা কখনোই দেশ ও জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে না।"
উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "নির্মাতা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে ফ্লাইওভারের নির্মাণ ব্যয় বেশি দেখিয়ে দীর্ঘদিন ধরে এর টোল আদায়ের দায়িত্ব নিতে চেয়েছে। প্রকল্পটি অযৌক্তিকভাবে অনেক বড় করা হয়েছে। এত বড় প্রকল্পের সেখানে কোন প্রয়োজন নেই। প্রকল্পটি ছোট করে সরকারি ব্যবস্থাপনায় বাস্তবায়ন করা সম্ভব।"
তবে এ ব্যাপারে ডিসিসি মেয়র সাদেক হোসেন খোকা জানান, সভায় আলাপকালে তিনি বলেছেন, ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রকল্পটি চুড়ান্ত করেছিল। তারা এর বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখে চুড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরই ডিসিসি চুক্তি সম্পাদন করেছে।
সভায় উপস্থিত আরো ছিলেন, স্থানীয় সরকার সচিব সফররাজ হোসেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। তবে নির্মাতা প্রতিষ্ঠান বেলহাসা-একমের কোন প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/১২৩৭ ঘ.
bdnews24