রংপুর, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘরোয়া রাজনীতি বন্ধ থাকলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, "আগামী ১২ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা শুরু হতে যাচ্ছে। ঘরোয়া রাজনীতি বন্ধ থাকলেও দলগুলোর সঙ্গে আলোচনা করা যেতে পারে।"
শুক্রবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার একথা বলেন।
২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় আশাবাদ পুনর্ব্যক্ত করে সাখাওয়াত হোসেন বলেন, "ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শেষ করে ২০০৮ সালের মধ্যেই নির্বাচন হবে। আমরা আতঙ্কের নির্বাচন চাই না; অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চাই। আর সে লক্ষ্যেই নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ করে যাচ্ছে।"
তিনি বলেন, "বিগত ভোটার তালিকা নিয়ে অনেক বিতর্ক ছিল। সে ভোটার তালিকা দিয়ে নির্বাচন হলে তা সবার কাছে গ্রহণযোগ্য হতো না। তাই ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ চলছে।"
নির্বাচন কমিশনার আরও বলেন, "রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। নিবন্ধনবিহীন কোনও রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।"
রংপুরের জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইদুর রহমান, চেম্বার সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, অধ্যাপক আলীম উদ্দিন, সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী প্রমুখ।
মতবিনিময় সভার আগে সাখাওয়াত হোসেন রংপুর পৌর এলাকার জুম্মাপাড়া, গুপ্তপাড়া, শালবন এলাকার বেশ কয়েকটি ভোটার নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আসা জনসাধারণের সঙ্গে কথা বলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএইচবি/২০০৯ ঘ.
bdnews24