চট্টগ্রাম, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে পেয়ারা বেগম (১৮) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই গৃহবধূর শাশুড়ি সাহেদা বেগমকে গ্রেপ্তার করেছে।
সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক সুলতানা বেগম জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের বালি পাড়া থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা সুলতানা জানান, পেয়ারা বেগমকে হত্যার অভিযোগে তার স্বামী হাফিজুর রহমান রাজু থানায় মামলা করেছেন। তাতে রাজুর মা সাহেদা ও সৎ বাবা শাহ আলমকে আসামি করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে শাহ আলম পলাতক রয়েছেন।
নিহতের স্বামী রাজু সীমা স্টিল অটো রি রোলিং মিলে ঢালাই শ্রমিক হিসাবে কাজ করেন।
পুলিশের ধারণা, পেয়ারা বেগমকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়।
স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে তার শ্বশুর ও শাশুড়ি দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮১০ ঘ.
bdnews24