২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য শান্তিচুক্তির সাংবিধানিক বৈধতা জানতে চেয়েছে হাইকোর্ট

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কেন বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা, সার্বভৌমত্ব, সংবিধানের লঙ্ঘন নয় এবং এটি কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তার কারণ জানাতে সরকারকে আদেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আদালতের এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত 'অ-উপজাতীয়' নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 02:20 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কেন বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা, সার্বভৌমত্ব, সংবিধানের লঙ্ঘন নয় এবং এটি কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তার কারণ জানাতে সরকারকে আদেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আদালতের এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত 'অ-উপজাতীয়' নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তাজুল ইসলামের জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি গ্রহণ করে সোমবার এ আদেশ দেয়। মো. তাজুল ইসলাম রোববার রিট আবেদন করেছিলেন। সোমবার এর ওপর শুনানিতে তিনি বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে শান্তিচুক্তির চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে উপজাতি অধ্যুষিত একটি অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে পার্বত্য আঞ্চলিক পরিষদের সৃষ্টি করা হয়। এই পরিষদের হাতে আইন ও বিধি প্রণয়ন, সরকারি চাকরিতে নিয়োগদান, পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ, কর আরোপ ও আদায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি যুক্তি দেন, শান্তিচুক্তিতে পার্বত্য আঞ্চলিক পরিষদকে এসব ক্ষমতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে। এজন্য চুক্তিটি সংবিধানের লঙ্ঘন। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, শান্তিচুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত সাধারণ বাঙালি, যারা ওই অঞ্চলের স্থায়ী বাসিন্দা নয় তাদের ভোটার হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া চুক্তিতে ওই অঞ্চলে কোনো সাধারণ নাগরিকের ভূমি অর্জন ও স্থানান্তরের অধিকারও খর্ব করা হয়েছে। চুক্তিটিকে তিনি আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অবৈধ ঘোষণার আবেদন জানান। সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে আদালত মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র, আইন, সংস্থাপন, ভূমি, প্রতিরক্ষা ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং নির্বাচন কমিশনকে আগামী আট সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য রুলনিশি জারি করে। অ্যাডভোকেট তাজুল ইসলামকে শুনানিতে সহায়তা করেন অ্যাডভোকেট এম কে মুরাদ ও শরীফ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দ কামরুল হোসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০০০ ঘ.