২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথকীকরণের পরবর্তী শুনানি ও আদেশ ১৭ সেপ্টেম্বর

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার জন্য সাড়ে চার হাজার জনবল অনুমোদন করে প্রশাসনিক পুনবির্ন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) সিদ্ধান্ত আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা দিতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। বিচার বিভাগ পৃথকীকরণ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য ১৭ সেপ্টেম্বর তারিখ ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 10:06 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার জন্য সাড়ে চার হাজার জনবল অনুমোদন করে প্রশাসনিক পুনবির্ন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) সিদ্ধান্ত আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা দিতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। বিচার বিভাগ পৃথকীকরণ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য ১৭ সেপ্টেম্বর তারিখ ধার্য করা হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি মুলতবি করে এ আদেশ দেন। শুনানির প্রথমেই সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল গত ১৯ আগস্ট অনুষ্ঠিত নিকারের বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি আদালতকে অবহিত করে বলেন, ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সাড়ে চার হাজার জনবল কাঠামো নিকারের বৈঠকে অনুমোদন করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগ পৃথক করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করতে হবে আদালতের নির্দেশানুযায়ী। নিয়োগ বিধি প্রনয়ণের কাজ দ্রুত শেষ করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করবে। আদালত এতে বলেন, কাজগুলো আগে শেষ করুন তারপর আদালতের অবকাঠামো নির্মাণের বিষয়টি আসবে। আদালত আরও বলেন, ৬৪ জেলার মধ্যে সাতটি জেলায় ম্যাজিস্টেটের পদ সৃষ্টি করা হয়নি। জন প্রশাসন সংস্কার সংক্রান্ত 'এনাম কমিশন' এর দোহাই দিয়ে আদালতে পর্যাপ্ত কর্মচারি দেয়া হয়নি। এসব বিষয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে। আদালত ১৬ সেপ্টেম্বরের মধ্যে নিকারের সিদ্ধান্ত হলফনামা আকারে আদালতে পেশ করার আদেশ দেন এবং ১৭ সেপ্টেম্বর পরবর্তী আদেশ ও শুনানির দিন ধার্য করেন। বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাজদার হোসেন মামলার বাদি পক্ষের কৌসুলি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম আদালতে দাঁড়িয়ে বলেন, জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রাধান্য দেখছিনা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে যারা বিচারিক ম্যাজিস্ট্রেট হবে তাদের আত্মীকরণের কোন সুযোগ রাখা হয়নি। এ প্রসঙ্গে আদালত বলেন, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইতিমধ্যেই বিচারিক ম্যাজিস্ট্রেট হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। জুডিশিয়াল সার্ভিস কমিশনই বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেবে। শুনানির পর ব্যারিস্টার আমীর তার কোর্ট চেম্বারে সাংবাদিকদের বলেন, জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিজস্ব সচিবালয় থাকতে হবে। গুণাবলীসম্পন্ন বিচারক নিয়োগ করতে হবে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের সর্বক্ষেত্রে প্রাধান্য থাকতে হবে। ২৩ জুলাই বিচার বিভাগ পৃথক করার যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারকে পাঁচ সপ্তাহের সময় দিয়ে ২৭ আগস্ট শুনানির তারিখ নির্ধারণ করেছিল আপিল বিভাগ। বিচারিক ম্যাজিস্ট্রেসি প্রতিস্থাপনের জন্য আপিল বিভাগের দেয়া তিন দফা নির্দেশনা বাস্তবায়ন করে এই সময়ের মধ্যে আদালতকে অবহিত করতে বলা হয়েছিল। এর আগে ৭ই মে আইন, সংস্থাপন, অর্থ ও গণপূর্ত মন্ত্রণালয়কে বিচারিক ম্যাজিস্ট্রেসি প্রতিস্থাপনের নির্দেশ দিয়ে ১৯ জুলাই এর মধ্যে তা বাস্তবায়ন করে আদালতকে জানাতে বলা হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এটি/এসকে/১৫৫৯ঘ.