ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 'জরুরি আইন ভঙ্গ করে' শিক্ষার্থীদের মিছি^ল, বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় শাহবাগ থানায় মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী আমির হোসেন জানান, মামলাগুলোতে অজ্ঞাত ৪/৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
তিনি জানান, ২৩ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সচিব আমির হোসেন বাদী হয়ে হাসপাতালে ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
শাহবাগ থানার সহকারি উপ--পরিদর্শক জামালউদ্দীন বাদী হয়ে শাহবাগ এলাকায় ভাঙচুর ও সেনা বাহিনীর গাড়িতে অগ্নি সংযোগের অভিযোগে অজ্ঞাত ২৭ জনকে আসামি করে মামলা করেছেন।
শাহবাগ থানার উপ--পরিদর্শক সিরাজুল ইসলাম জরুরি আইন ভেঙে মিছিল-সমাবেশ করা ও স্লোগান দেওয়ার অভিযোগে অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি একটি মামলা দায়ের করেন।
শাহবাগ থানার সহকারী উপ--পরিদর্শক রেজাউল করিম খান জরুরি বিধিমালা লঙ্ঘন করে মিছিল-সমাবেশ, ইট-পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে অজ্ঞাত ৪/৫ হাজার জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সৈকত আহমেদ বাদী হয়ে জরুরি অবস্থা ভঙ্গ করে মিছিল-সমাবেশ, ইট-পাটকেল নিক্ষেপ, উস্কানী মূলক বক্তব্য প্রদান ও কুশ পুত্তলিকা দাহ করার অভিযোগে অজ্ঞাত ৪/৫ হাজার জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জিএনএ/১৯২০ ঘ.
bdnews24