২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষোভের আগুন নগরজুড়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার নগরীর বিভিন্ন অংশেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং দুপুরের পর থেকে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আগারগাঁওয়ের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ-মিছিল, গাড়ি ভাঙচুর করে। মাঝরাত পর্যন্ত দফায় দফায় চলে ছাত্র-পুলিশ সংঘর্ষ। সারাদিনের সংঘর্ষে আহত হয়েছেন একশরও বেশি লোক। ঘটনাস্থল থেকে জানিয়েছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক লিটন হায়দার, বিপ্লব রহমান ও আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এক শিক্ষার্থীকে সেনা সদস্যদের মারধরের ঘটনার জের ধরে মঙ্গলবার ঢাকার বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং দুপুরের পর থেকে ঢাকা কলেজ, সিটি কলেজ, ও আগারগাঁওয়ের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ-মিছিল, গাড়ি ভাঙচুর করে। মাঝরাত পর্যন্ত দফায় দফায় চলে ছাত্র-পুলিশ সংঘষ। সারাদিনের সংঘর্ষে আহত হয়েছেন একশরও বেশি লোক। সন্ধ্যা ৬টার দিকে সিটি কলেজের ছাত্ররা লাঠিহাতে বিক্ষোভে নামে। তারা ধানমন্ডি ২ নম্বর রোডে অবস্থান নিয়ে মিরপুর রোডের দিকে থাকা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ছড়িয়ে পরে ঝিগাতলাতেও। সিটি কলেজ মোড় থেকে ধানমণ্ডি ১৫ নম্বর সড়কও ছাত্রদের নিয়ন্ত্রণে চলে যায়। এক পর্যায়ে সংঘর্ষ বিডিআর গেট থেকে শঙ্কর বাসট্যান্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একটি রায়ট কারকে ওই এলাকায় বার বার টহল দিতে দেখা যায়। রাত পৌনে ৯ টা থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝিগাতলা মোড় থেকে ট্যানারী এলাকা পর্যন্ত চলে তুমুল সংঘর্ষ। পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেটের জবাবে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুঁড়তে থাকে। রাস্তার মোড়ে মোড়ে টায়ার পুড়িয়ে তৈরি হয় অবরোধ। বিক্ষোভ দমাতে না পারলেও পুলিশের কাঁদানে গ্যাস ওইসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগের কারণ হয়ে ওঠে। রাত ১০টায়ও ওই এলাকার বিভিন্ন গলিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছিল। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা দুটি মটর সাইকেলে আগুন দেয়। বিক্ষোভের আগুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রথম ছড়িয়ে পড়ে নীলক্ষেত-ঢাকা কলেজ এলাকায়। বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা কলেজের কয়েকশ ছাত্র লাঠিসোটা নিয়ে রাস্তায় মিছিল শুরু করে। এ সময় হকারদের একটি খণ্ড মিছিলও ছাত্রদের সঙ্গে যোগ দেয়। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকান-পাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলকারীরা ওই এলাকায় সাত -আটটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে একের পর এক কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। রাবার বুলেটও ছোড়া হয়। পুলিশি হস্তক্ষেপে প্রথমে বিক্ষোভে কিছুটা ভাটা পড়লেও কিছুক্ষণের মধ্যে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭ টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পোড়ানো হয় একটি মটর সাইকেলও। এ সময় পুলিশ পিছু হটে। রাত ১০টা পর্যন্ত সায়েন্স ল্যবরেটরি থেকে নীলক্ষেত পর্যন্ত পুরো রাস্তা ছিল ছাত্রদের দখলে। সন্ধ্যায় নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাবরটরি মোড় এলাকা যখন রণক্ষেত্র ঠিক তখন আগারগাঁওয়ের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও ক্যাম্পাসে মিছিল বের করে। সাড়ে ৭টার দিকে তারা নির্বাচন কমিশন সচিবলায় এলাকায় ১০/১২টি গাড়ি ভাঙচুর করে। রোকেয়া সরণিতে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। রাত ৮ টার দিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ। রাত সোয়া ৯ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাসগুলোতে খণ্ড খণ্ড মিছিল চলছিল। এদিকে সকালে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকাতেও ছাত্র-পুলিশ সংঘর্ষ হয়। উন্নয়ন ফি কমানোর দাবিতে আন্দোলনরত ছাত্রদের ছোড়া ইটের আঘাতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম খান ও প্রক্টর কাজি আসাদুজ্জামান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রদের সঙ্গে আলোচনা করতে এলে তোপের মুখে পড়েন উপাচার্য ও প্রক্টর। ছাত্রদের ছোড়া ইটের আঘাতে প্রক্টর আসাদুজ্জামানের মাথা ফেটে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/বিআর/এআরএইচ/জেকে/এমএইচবি/২৩২৯ ঘ.